আধার কার্ড আপডেট করতে আর ছুটোছুটি নয়, গুগল ম্যাপেই মিলবে আপনার কাছের আধার সেন্টারের ঠিকানা

আধার কার্ড আপডেট করতে আর ছুটোছুটি নয়, গুগল ম্যাপেই মিলবে আপনার কাছের আধার সেন্টারের ঠিকানা

আধার কার্ড নিয়ে বড় ঘোষণা করল সরকার। এখন থেকে আধার কার্ডে নাম, ঠিকানা বা মোবাইল নম্বর আপডেট করার জন্য আপনাকে আর এদিক-ওদিক ঘুরে বেড়াতে হবে না। টেক জায়ান্ট গুগল এবং ইউআইডিএআই (UIDAI)-এর মধ্যে হওয়া একটি নতুন চুক্তির ফলে গুগল ম্যাপসেই পাওয়া যাবে আপনার বাড়ির কাছের আধার সেন্টারের সঠিক তথ্য।

পিআইবি (PIB)-এর তরফে জানানো হয়েছে, সাধারণ মানুষের সুবিধার কথা মাথায় রেখে এই ডিজিটাল পদক্ষেপ নিয়েছে ভারত সরকার। বর্তমানে দেশজুড়ে প্রায় ৬০ হাজার অনুমোদিত আধার কেন্দ্র এবং অত্যাধুনিক আধার সেবা কেন্দ্র চালু রয়েছে। গুগল ম্যাপসের মাধ্যমে ব্যবহারকারীরা এখন থেকে কেবল এই কেন্দ্রগুলির অবস্থানই নয়, বরং সেখানে পৌঁছানোর সবথেকে সহজ রাস্তা এবং আনুমানিক সময়ের হদিসও পাবেন।

কীভাবে পাবেন এই সুবিধা? ব্যবহারকারীদের গুগল ম্যাপসের সার্চ বক্সে গিয়ে শুধু টাইপ করতে হবে ‘Aadhaar Center near me’। ফোনের লোকেশন অন থাকলেই ম্যাপস মুহূর্তের মধ্যে আপনার আশপাশের সক্রিয় আধার কেন্দ্রগুলোর তালিকা সামনে নিয়ে আসবে। ইউআইডিএআই-এর সিইও ভুবনেশ কুমার জানান, আধার পরিষেবাকে আরও সহজলভ্য, দ্রুত এবং স্বচ্ছ করাই এই উদ্যোগের আসল উদ্দেশ্য। এর ফলে মানুষের সময় বাঁচবে এবং সঠিক তথ্য পাওয়া নিশ্চিত হবে।

সবথেকে উল্লেখযোগ্য বিষয় হলো, গুগল ম্যাপসের মাধ্যমে এখন সরাসরি আধার সেন্টারের অ্যাপয়েন্টমেন্টও নেওয়া সম্ভব হবে। এছাড়া গুগল বিজনেস প্রোফাইলের সাহায্যে ব্যবহারকারীরা তাদের অভিজ্ঞতার ভিত্তিতে ফিডব্যাকও দিতে পারবেন। এই নতুন ব্যবস্থার ফলে আধার সংক্রান্ত কাজের জন্য লম্বা লাইন এবং কেন্দ্রের সঠিক ঠিকানা খোঁজার ভোগান্তি থেকে কোটি কোটি ভারতীয় মুক্তি পাবেন বলে আশা করা হচ্ছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *