আধ্যাত্মিকতার আড়ালে তরুণীকে মাদক খাইয়ে ধর্ষণের অভিযোগ, উত্তাল মহারাষ্ট্র

মহারাষ্ট্রের পুণে ও পালঘর জেলায় আধ্যাত্মিকতার দোহাই দিয়ে এক নারীকে মাদক খাইয়ে ধর্ষণ ও ব্ল্যাকমেল করার অভিযোগ উঠেছে ঋষিকেশ বৈদ্য নামে এক ভণ্ড গুরুর বিরুদ্ধে। অভিযুক্ত নিজেকে মহাদেবের অবতার দাবি করে এবং ৩৫ বছর বয়সী ওই নির্যাতিতাকে ‘পার্বতী’ সম্বোধন করে এই জঘন্য অপরাধ ঘটায়। ২০২৩ সালে ফেসবুকে পরিচয়ের সূত্র ধরে অভিযুক্ত ব্যক্তি ওই নারীর বিশ্বাস অর্জন করেছিল বলে প্রাথমিক তদন্তে জানা গেছে।
অভিযোগ অনুযায়ী, গত ডিসেম্বর মাসে পুণের একটি লজে নিয়ে গিয়ে ওই নারীকে মাদক খাইয়ে অচৈতন্য অবস্থায় ধর্ষণ করা হয়। সেই সময় গোপনে আপত্তিকর ছবি তুলে রেখে পরবর্তীতে লাগাতার ব্ল্যাকমেল শুরু করে ঋষিকেশ। ২০২৪ সালের মে মাসেও ভাসাইয়ের একটি হোটেলে ডেকে নিয়ে গিয়ে তাঁকে পুনরায় যৌন হেনস্থার চেষ্টা করা হয়। লোকলজ্জার ভয়ে এতদিন চুপ থাকলেও অন্য এক ভণ্ড সাধুর গ্রেফতারির খবর নির্যাতিতাকে আইনি পদক্ষেপ নিতে সাহসী করে তোলে।
বুধবার ভাসাইয়ের মানিকপুর থানায় অভিযোগ দায়েরের পর পুলিশ একটি ‘জিরো এফআইআর’ করে মামলাটি পুণের হাদাপসার থানায় স্থানান্তরিত করেছে। অভিযুক্ত ঋষিকেশ বর্তমানে পলাতক এবং পুলিশ তার সন্ধানে তল্লাশি চালাচ্ছে। তদন্তকারীদের ধারণা, আধ্যাত্মিকতার নাম করে ওই ব্যক্তি আরও অনেক নারীর সঙ্গে একই ভাবে প্রতারণা করে থাকতে পারে। বর্তমানে পুলিশ অভিযুক্তের মোবাইল লোকেশন ও তাঁর সংগঠনের কার্যকলাপ খতিয়ে দেখছে।