আন্টার্কটিকার হিমবাহের নিচে বিশাল গ্রানাইট স্তূপের সন্ধান, উন্মোচিত ‘গোলাপি পাথর’ রহস্য

আন্টার্কটিকার পাইন দ্বীপ হিমবাহের নিচে লুকানো এক বিশাল ‘দানবীয়’ গ্রানাইট স্তূপের সন্ধান পেয়েছেন বিজ্ঞানীরা। গত কয়েক দশক ধরে ওই অঞ্চলের আগ্নেয়গিরির চূড়ায় ছড়িয়ে থাকা রহস্যময় গোলাপি পাথরের উৎস সন্ধানে এই অভাবনীয় সাফল্য মিলেছে। ব্রিটিশ আন্টার্কটিক সার্ভের (বিএএস) গবেষকরা আকাশপথে মাধ্যাকর্ষণ শক্তি বিশ্লেষণের মাধ্যমে বরফের সাত কিলোমিটার নিচে এই পাথরের স্তূপটি শনাক্ত করেন, যা আয়তনে ব্রিটেনের ওয়েলসের অর্ধেক ভূখণ্ডের সমান।
গবেষণায় দেখা গেছে, এই গোলাপি গ্রানাইট পাথরগুলো প্রায় সাড়ে ১৭ কোটি বছর আগের অর্থাৎ জুরাসিক যুগের। সেই সময়ে আন্টার্কটিকা বর্তমানের মতো বরফাবৃত ছিল না; বরং এটি ছিল কনিফার বন ও ডাইনোসরে ঘেরা একটি নাতিশীতোষ্ণ অঞ্চল। ভূতত্ত্ববিদদের মতে, হিমবাহের ঘর্ষণ ও প্রাকৃতিক বিবর্তনের ফলে এই প্রাচীন শিলাস্তরটি ভূ-পৃষ্ঠে উঠে এসেছিল, যা মহাদেশটির ভৌগোলিক পরিবর্তনের এক জীবন্ত দলিল।
সম্প্রতি ‘নেচার কমিউনিকেশনস আর্থ অ্যান্ড এনভায়রনমেন্ট’ জার্নালে প্রকাশিত এই তথ্য আন্টার্কটিকার অদৃশ্য জগত সম্পর্কে নতুন আলোকপাত করেছে। গবেষক টম জর্ডান ও জোয়ান জনসনের মতে, এই আবিষ্কার বরফের নিচে লুকিয়ে থাকা পৃথিবীর অজানা ইতিহাস বুঝতে সাহায্য করবে। হিমবাহের নিচে চাপা পড়া এই সুবিশাল শিলাখণ্ডটি প্রমাণ করে যে, কোটি বছর আগে এই শীতল মহাদেশের পরিবেশ ও ভূপ্রকৃতি আজকের তুলনায় সম্পূর্ণ ভিন্ন এবং বৈচিত্র্যময় ছিল।