আন্তর্জাতিক বাজারে ঊর্ধ্বমুখী অশোধিত তেলের দাম, দেশজুড়ে মূল্যবৃদ্ধির আশঙ্কা

আন্তর্জাতিক বাজারে অশোধিত তেলের দাম হু হু করে বেড়ে ৯০ ডলার প্রতি ব্যারেল ছাড়িয়েছে, যা গত ৩০ মাসের মধ্যে সর্বোচ্চ। মধ্যপ্রাচ্যের চলমান সংকট এবং হরমুজ প্রণালীর অস্থিরতার কারণে এই মূল্যবৃদ্ধি ঘটেছে। এই পরিস্থিতির প্রভাবে বিশ্ববাজারে ব্রেন্ট ও ডব্লিউটিআই ক্রুড অয়েলের দাম ৩০ শতাংশের বেশি বেড়েছে। বিশেষজ্ঞদের আশঙ্কা, ভূ-রাজনৈতিক অস্থিরতা বজায় থাকলে তেলের দাম দ্রুতই ১০০ ডলারের গণ্ডি স্পর্শ করতে পারে।
আন্তর্জাতিক বাজারের এই উত্তাপ ভারতের অভ্যন্তরীণ বাজারেও চাপ সৃষ্টি করছে। মাল্টি কমোডিটি এক্সচেঞ্জে অশোধিত তেলের দাম ৮৫০০ টাকা ছাড়িয়ে রেকর্ড উচ্চতায় পৌঁছেছে। এই পরিস্থিতিতে দেশে পেট্রোল ও ডিজেলের দাম বাড়ার প্রবল সম্ভাবনা তৈরি হয়েছে। তবে সরকার পরিস্থিতি মোকাবিলায় রাশিয়ার তেলের সরবরাহ বাড়ানোর বিকল্প পথ খুঁজছে। পেট্রোলিয়াম মন্ত্রক সাধারণ মানুষকে স্বস্তি দিতে নিরন্তর চেষ্টা চালাচ্ছে বলে খবর পাওয়া গেছে।