আন্তর্জাতিক বাজারে বড় পতন: মধ্যপ্রাচ্যের উত্তেজনার মধ্যেই সস্তা হলো সোনা ও রুপো

মধ্যপ্রাচ্যে ইরান-ইজরায়েল যুদ্ধের আবহের মধ্যেই আন্তর্জাতিক ও ঘরোয়া বাজারে সোনার দামে বড় পতন দেখা দিয়েছে। সোমবার মাল্টি কমোডিটি এক্সচেঞ্জে (MCX) এপ্রিল গোল্ড ফিউচারের দাম প্রতি ১০ গ্রামে ২,০৪১ টাকা পর্যন্ত কমেছে। একইভাবে জুন ২০২৬-এর ফিউচার এবং আন্তর্জাতিক কমেক্স (COMEX) বাজারেও দাম উল্লেখযোগ্যভাবে হ্রাস পেয়েছে, যা চৈত্র মাসের শুরুতে গয়না ক্রেতাদের জন্য এক বড় সুযোগ তৈরি করেছে।
বাজার বিশ্লেষকদের মতে, ভূ-রাজনৈতিক অস্থিরতায় সোনার দাম যে রেকর্ড উচ্চতায় পৌঁছেছিল, এখন সেখানে ‘কনসোলিডেশন’ বা স্থিতাবস্থা ফেরার প্রক্রিয়া চলছে। এদিন রুপোর দামেও বড় ধস নেমেছে; প্রতি কেজিতে প্রায় ৫,৯৬৩ টাকা পর্যন্ত পতন লক্ষ্য করা গেছে। বিশেষজ্ঞরা জানিয়েছেন, সোনার দাম ১,৫৭,০০০ টাকার নিচে স্থায়ী হলে তা ভবিষ্যতে আরও কমে ১,৫০,০০০ টাকার সাপোর্ট জোন পর্যন্ত পৌঁছাতে পারে।
বর্তমানে কলকাতায় ২৪ ক্যারেট সোনার দাম প্রতি ১০ গ্রামে ১,৫৯,১৭০ টাকা এবং দিল্লির বাজারে ১,৫৯,৩০০ টাকা দরে বিকোচ্ছে। অন্যদিকে কলকাতা, দিল্লি ও মুম্বইতে প্রতি কেজি রুপোর দাম দাঁড়িয়েছে ২,৭০,০০০ টাকা। যদিও চেন্নাইয়ের বাজারে সোনা ও রুপো উভয়ের দামই অন্যান্য শহরের তুলনায় কিছুটা বেশি। দীর্ঘমেয়াদে ঊর্ধ্বমুখী প্রবণতা বজায় থাকলেও সাময়িকভাবে এই দরপতন মধ্যবিত্তের জন্য স্বস্তির বার্তা নিয়ে এসেছে।