আপনার ফুসফুস কতটা সুস্থ? ঘরে বসেই ১ মিনিটে যাচাই করার সহজ উপায়
শরীরে অক্সিজেনের সঠিক জোগান বজায় রাখতে ফুসফুসের কার্যকারিতা স্বাভাবিক থাকা অপরিহার্য। বর্তমান সময়ে বায়ুদূষণ ও ক্রমবর্ধমান সংক্রমণের হাত থেকে বাঁচতে ফুসফুস কতটা শক্তিশালী, তা জেনে রাখা অত্যন্ত জরুরি। ফুসফুসের প্রাথমিক অবস্থা বুঝতে সবসময় ক্লিনিকাল পরীক্ষার প্রয়োজন হয় না; বরং ঘরে বসেই কিছু সহজ পরীক্ষার মাধ্যমে আপনি নিজের শ্বাসযন্ত্রের শক্তি যাচাই করে নিতে পারেন।
ফুসফুসের শক্তি পরীক্ষার অন্যতম কার্যকর উপায় হলো ‘দম ধরে রাখা’ বা ব্রেথ হোল্ডিং টেস্ট। একটি গভীর শ্বাস নিয়ে ঘড়ি ধরে দেখুন কতক্ষণ দম বন্ধ রাখতে পারছেন। যদি সময়সীমা ২৫ থেকে ৩০ সেকেন্ড বা তার বেশি হয়, তবে বুঝতে হবে আপনার ফুসফুস যথেষ্ট সবল। কিন্তু সময় যদি ১৫ সেকেন্ডের কম হয়, তবে বিষয়টি নিয়ে চিকিৎসকের পরামর্শ নেওয়া বা সতর্ক হওয়া প্রয়োজন।
শারীরিক সক্ষমতা যাচাইয়ের জন্য সিঁড়ি ভাঙার পরীক্ষাও বেশ জনপ্রিয়। সাধারণ গতিতে অন্তত দুই তলা পর্যন্ত সিঁড়ি দিয়ে ওঠার পর যদি কথা বলতে খুব বেশি কষ্ট না হয় কিংবা অস্বাভাবিক বুক ধড়ফড়ানি না থাকে, তবে আপনার ফুসফুসের কার্যকারিতা স্বাভাবিক বলে ধরে নেওয়া যায়। এর পাশাপাশি মোমবাতি পরীক্ষার মাধ্যমেও বায়ু নির্গমন ক্ষমতা যাচাই করা সম্ভব। একটি জ্বলন্ত মোমবাতি মুখ থেকে ৬-৮ ইঞ্চি দূরে রেখে এক ফুঁয়ে নেভাতে পারলে বুঝতে হবে আপনার শ্বাসযন্ত্রের শক্তি সঠিক পর্যায়ে রয়েছে।