আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে কি ন্যূনতম ব্যালেন্স নেই, জেনে নিন জরিমানার টাকা নিয়ে অর্থমন্ত্রীর বড় ঘোষণা

দেশের সরকারি ব্যাঙ্কগুলি সঞ্চয় অ্যাকাউন্টে ন্যূনতম ব্যালেন্স না রাখার কারণে গ্রাহকদের কাছ থেকে গত তিন আর্থিক বছরে বিপুল পরিমাণ জরিমানা আদায় করেছে। পরিসংখ্যান অনুযায়ী, ২০২২-২৩ থেকে ২০২৪-২৫ অর্থবর্ষ পর্যন্ত এই খাতে সংগৃহীত অর্থের পরিমাণ প্রায় ৮০৯২.৮৩ কোটি টাকা। তবে লোকসভায় এক প্রশ্নের উত্তরে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন স্পষ্ট করেছেন যে, এই জরিমানা মওকুফ করার জন্য সরকারের পক্ষ থেকে ব্যাঙ্কগুলিকে কোনও সাধারণ নির্দেশিকা জারি করা হয়নি। অনেক ব্যাঙ্ক পরিস্থিতির গুরুত্ব বুঝে স্বেচ্ছায় এই চার্জ সংশোধন বা মওকুফ করার সিদ্ধান্ত নিয়েছে।
অর্থ মন্ত্রকের দেওয়া তথ্য অনুসারে, গত তিন বছরে সংগৃহীত এই বিপুল অর্থ সরকারি ব্যাঙ্কগুলির মোট আয়ের মাত্র ০.২৩ শতাংশ। সরকার জানিয়েছে, এই টাকা মূলত ব্যাঙ্কিং পরিষেবা প্রদানের খরচ মেটাতে ব্যবহৃত হয় এবং জরিমানা আদায় করে মুনাফা অর্জন করা ব্যাঙ্কগুলির লক্ষ্য নয়। স্বস্তির খবর এই যে, দেশের প্রায় ৭২ কোটি অ্যাকাউন্টকে ন্যূনতম ব্যালেন্সের বাধ্যবাধকতা থেকে সম্পূর্ণ অব্যাহতি দেওয়া হয়েছে। এর মধ্যে প্রধানমন্ত্রী জন ধন যোজনা এবং বেসিক সেভিংস ব্যাঙ্ক ডিপোজিট অ্যাকাউন্টগুলি অন্তর্ভুক্ত রয়েছে।
গ্রাহক স্বার্থ রক্ষায় স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ২০২০ সালের মার্চ মাসেই এই জরিমানা মওকুফ করেছিল। অর্থমন্ত্রী জানিয়েছেন, ২০২৫ সালের মধ্যে আরও নয়টি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক এই জরিমানা পুরোপুরি তুলে নিয়েছে এবং বাকি দুটি ব্যাঙ্ক জরিমানার হার উল্লেখযোগ্যভাবে হ্রাস করেছে। এছাড়া রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার (আরবিআই) নির্দেশ অনুযায়ী, অ্যাকাউন্টে ন্যূনতম ব্যালেন্স কমে গেলে ব্যাঙ্ককে অবশ্যই এসএমএস, ইমেল বা চিঠির মাধ্যমে গ্রাহককে সতর্ক করতে হবে। ব্যালেন্স পুনরুদ্ধারের জন্য নির্দিষ্ট সময় দেওয়ার পরেই কেবল জরিমানা আরোপ করা যাবে।