আফগান ভূখণ্ডে পাকিস্তানের বিমান হামলার তীব্র নিন্দা জানালো ভারত

আফগানিস্তানের কাবুল ও কান্দাহারসহ একাধিক প্রদেশে পাকিস্তানের সাম্প্রতিক বিমান হামলার ঘটনার কড়া সমালোচনা করেছে ভারত। শনিবার বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল এক বিবৃতিতে এই হামলাকে একটি সার্বভৌম রাষ্ট্রের বিরুদ্ধে আগ্রাসন হিসেবে অভিহিত করেছেন। নয়াদিল্লি স্পষ্টভাবে জানিয়েছে যে, ভারত আফগানিস্তানের আঞ্চলিক অখণ্ডতা ও সার্বভৌমত্বের প্রতি পূর্ণ সমর্থন বজায় রাখে।
পাক বাহিনীর এই অভিযানে বহু নিরীহ নাগরিকের মৃত্যু ও ঘরবাড়ি ধ্বংসের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে ভারত। তালিবান সরকারের পক্ষ থেকে দাবি করা হয়েছে, পাকিস্তান পরিকল্পিতভাবে সাধারণ মানুষকে নিশানা করেছে। যদিও ইসলামাবাদের দাবি, জঙ্গি দমনের লক্ষ্যেই এই এয়ারস্ট্রাইক চালানো হয়েছে। তবে তালিবান এই যুক্তি খারিজ করে দিয়ে উপযুক্ত জবাব দেওয়ার হুঁশিয়ারি দেয়।
উত্তেজনা বাড়িয়ে এর পরেই ডুরান্ড লাইনে পাকিস্তানের সেনা ঘাঁটি লক্ষ্য করে পালটা হামলা চালায় আফগান বাহিনী। আফগানিস্তানের প্রতিরক্ষা মন্ত্রকের দাবি অনুযায়ী, এই জবাবি হামলায় ১৪ জন পাক সেনার মৃত্যু হয়েছে এবং ১১ জন আহত হয়েছেন। এই পালটা হামলায় পাকিস্তানের একটি সেনা ট্যাঙ্ক ও একটি বিদেশি গাড়িও সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে গিয়েছে বলে জানা গিয়েছে।