আফগান সীমান্তে তীব্র সংঘর্ষ: পাকিস্তানের এফ-১৬ যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি কাবুলের

আফগান সীমান্তে তীব্র সংঘর্ষ: পাকিস্তানের এফ-১৬ যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি কাবুলের

আফগানিস্তানের আকাশে হামলা চালাতে আসা পাকিস্তানের অত্যাধুনিক মার্কিন নির্মিত এফ-১৬ যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি করেছে আফগান প্রতিরক্ষা মন্ত্রক। শুক্রবার রাতে কাবুল ও কান্দাহারে পাক বিমান হামলার পাল্টা জবাবে এই সাফল্য মিলেছে বলে এক্স হ্যান্ডেলে ভিডিও প্রকাশ করে জানানো হয়েছে। যদিও ইসলামাবাদের পক্ষ থেকে এই বিষয়ে এখনও কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া মেলেনি।

পাকিস্তান আনুষ্ঠানিকভাবে যুদ্ধ ঘোষণার পর সীমান্ত সংলগ্ন এলাকায় দুই দেশের বাহিনীর মধ্যে ব্যাপক লড়াই শুরু হয়েছে। প্রাণ বাঁচাতে সীমান্ত এলাকা ছাড়ছেন সাধারণ নাগরিকরা। পাকিস্তান তাদের এই সামরিক অভিযানের নাম দিয়েছে ‘অপারেশন গজব লিল হক’। এর আগে গত বছর ভারতীয় বিমান বাহিনীও পাকিস্তানের এই যুদ্ধবিমান ধ্বংস করার দাবি করেছিল।

পাক বাহিনীর দাবি অনুযায়ী, তাদের বিমান হামলায় ১৩৩ জন নিহত হয়েছে। তবে হতাহতের এই সংখ্যা নিয়ে তালেবান প্রশাসন বা আন্তর্জাতিক সংবাদ সংস্থাগুলো নিশ্চিতভাবে কিছু জানায়নি। পরিস্থিতির গুরুত্ব বিবেচনা করে সীমান্তে উচ্চ সতর্কতা জারি করা হয়েছে এবং উভয় পক্ষই শক্তি প্রদর্শনে অনড় অবস্থানে রয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *