আবগারি দুর্নীতি মামলা: হাইকোর্টে নিজেই সওয়াল করবেন অরবিন্দ কেজরিওয়াল

আবগারি দুর্নীতি মামলা: হাইকোর্টে নিজেই সওয়াল করবেন অরবিন্দ কেজরিওয়াল

দিল্লির বহুল আলোচিত আবগারি নীতি দুর্নীতি মামলায় নয়া মোড়। আজ সোমবার দিল্লি হাইকোর্টে এই মামলার শুনানি শুরু হতে চলেছে। আম আদমি পার্টির জাতীয় আহ্বায়ক তথা দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল ইতিমধ্যেই আদালতে পৌঁছেছেন। তাঁর সঙ্গে স্ত্রী সুনীতা কেজরিওয়ালকেও দেখা গেছে। সিবিআই-এর দায়ের করা এক আবেদনের ভিত্তিতে বিচারপতি স্বর্ণকান্ত শর্মার এজলাসে এই গুরুত্বপূর্ণ শুনানি হতে চলেছে।

আদালত সূত্রে খবর, আজকের শুনানিতে অরবিন্দ কেজরিওয়াল কোনো আইনজীবীর সাহায্য ছাড়াই নিজে নিজের বক্তব্য বা যুক্তি পেশ করবেন। মূলত বিচারপতি স্বর্ণকান্ত শর্মার এজলাস থেকে মামলাটি সরিয়ে নেওয়ার বা ‘রিকিউজাল’-এর দাবিতে কেজরিওয়াল এবং অন্য অভিযুক্তরা আবেদন জানিয়েছেন। এটি বিচারপতি শর্মার শুনানি থেকে সরে দাঁড়ানোর দাবিতে কেজরিওয়ালের পক্ষ থেকে দ্বিতীয়বার করা আবেদন।

এর আগে নিম্ন আদালত বা রাউজ অ্যাভিনিউ কোর্ট আবগারি নীতি তদন্তে সমন এড়িয়ে যাওয়ার অভিযোগে কেজরিওয়াল ও অন্যান্যদের বেকসুর খালাস করেছিল। গত ২২ জানুয়ারি দেওয়া সেই রায়ে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার কাজের ধরণ নিয়ে প্রশ্ন তোলা হয়েছিল। নিম্ন আদালতের সেই রায়কে চ্যালেঞ্জ জানিয়েই দিল্লি হাইকোর্টের দ্বারস্থ হয়েছে কেন্দ্রীয় তদন্ত ব্যুরো (সিবিআই)।

কেজরিওয়াল ইতিপূর্বে প্রধান বিচারপতি ডি.কে উপাধ্যায়ের কাছে মামলাটি অন্য বিচারপতির কাছে স্থানান্তরের আর্জি জানিয়েছিলেন। তবে প্রধান বিচারপতি সেই দাবি খারিজ করে জানান যে, মামলা থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত সংশ্লিষ্ট বিচারপতির ব্যক্তিগত বিষয়। এরপরই কেজরিওয়াল সরাসরি বিচারপতি স্বর্ণকান্ত শর্মার নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলে পুনরায় আবেদন দাখিল করেন।

আবেদনকারীদের পক্ষ থেকে দাবি করা হয়েছে, সংশ্লিষ্ট বিচারপতির দেওয়া আগের বেশ কিছু নির্দেশ সুপ্রিম কোর্ট বাতিল করে দিয়েছে। তাই ন্যায়বিচারের স্বার্থে এবং সাধারণ মানুষের আস্থা বজায় রাখতে এই মামলাটি অন্য কোনো নিরপেক্ষ বেঞ্চে পাঠানো প্রয়োজন। আজকের শুনানিতে কেজরিওয়ালের ব্যক্তিগত সওয়াল এই জটিল আইনি লড়াইকে কোন দিকে নিয়ে যায়, এখন সেটাই দেখার।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *