আবহাওয়া আপডেট: ১৯ রাজ্যে বৃষ্টির পূর্বাভাস, ৮ রাজ্যে জারি তাপপ্রবাহের সতর্কতা

দেশজুড়ে আবহাওয়ার মেজাজে বড়সড় রদবদল হতে চলেছে। মৌসম ভবনের (IMD) পূর্বাভাস অনুযায়ী, বাংলাদেশ ও উত্তর-পূর্ব ভারতের উপর ঘূর্ণাবর্ত এবং ঝাড়খণ্ড থেকে মহারাষ্ট্র পর্যন্ত বিস্তৃত অক্ষরেখার জেরে আগামী ১৩ মার্চ পর্যন্ত ১৯টি রাজ্যে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি ও দমকা হাওয়ার তাণ্ডব চলবে। জম্মু-কাশ্মীর, লাদাখ ও হিমাচল প্রদেশে তুষারপাতের পাশাপাশি ৫০-৬০ কিমি বেগে ঝড়ের সম্ভাবনা রয়েছে।
অন্যদিকে, দক্ষিণ ও পশ্চিম ভারতের ৮টি রাজ্যে তাপপ্রবাহের সতর্কতা জারি করা হয়েছে। গত ২৪ ঘণ্টায় গুজরাটের রাজকোটে তাপমাত্রা ৪১.৬ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছেছে। বুধবার পর্যন্ত রাজস্থান, গুজরাট, কোঙ্কন ও গোয়ায় গরম ও অস্বস্তিকর আবহাওয়া বজায় থাকবে। অন্ধ্রপ্রদেশ ও তামিলনাড়ুর কিছু অংশেও তীব্র দাবদাহের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর।
পশ্চিমবঙ্গেও দুর্যোগের ভ্রুকুটি দেখা দিয়েছে। কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আগামী ২৪ ঘণ্টায় ৩০-৫০ কিমি বেগে ঝোড়ো হাওয়া ও কালবৈশাখীর পরিস্থিতি তৈরি হতে পারে। উত্তরবঙ্গে সপ্তাহজুড়েই হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সিকিম, বিহার ও ঝাড়খণ্ডের কিছু এলাকাতেও ১১ মার্চ পর্যন্ত বজ্রপাতের সতর্কতা বজায় থাকবে বলে জানানো হয়েছে।