আমাদের থেকে তেল নিন নয়তো হরমোজ প্রণালীতে লড়ুন, মিত্রদেশগুলোকে ট্রাম্পের চরম হুঁশিয়ারি

ইরান সংঘাতের আবহে মিত্রদেশগুলোর প্রতি কঠোর অবস্থান নিলেন ডোনাল্ড ট্রাম্প। মার্কিন যুক্তরাষ্ট্র ইরান যুদ্ধে পিছু হটছে—এমন খবরের তীব্র প্রতিবাদ জানিয়ে তিনি স্পষ্ট করেছেন যে, মিত্রদেশগুলোকে এখন থেকে নিজেদের নিরাপত্তার দায়িত্ব নিজেদেরই নিতে হবে। বিশেষ করে হরমোজ প্রণালীতে উদ্ভূত পরিস্থিতির মোকাবিলায় আমেরিকা সবসময় পাশে থাকবে না বলে তিনি সাফ জানিয়ে দিয়েছেন।
মিত্রদেশগুলোর সামনে ট্রাম্প দুটি বিকল্প প্রস্তাব রেখেছেন। প্রথমত, হরমোজ প্রণালীর উত্তেজনার কারণে যে দেশগুলো জ্বালানি সংকটে ভুগছে, তারা আমেরিকার কাছ থেকে তেল কিনতে পারে; কারণ আমেরিকার পর্যাপ্ত মজুত রয়েছে। দ্বিতীয়ত, যদি তারা তা না চায়, তবে তাদের সাহসের সঙ্গে হরমোজ প্রণালীতে গিয়ে নিজেদের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে হবে। ট্রাম্পের ভাষায়, “আপনাদের নিজেদের লড়াই লড়তে শিখতে হবে।”
এই ইস্যুতে ব্রিটেন ও ফ্রান্সের ওপর ক্ষোভ উগরে দিয়েছেন ট্রাম্প। তিনি অভিযোগ করেন, ব্রিটেন ইরানের বিরুদ্ধে অভিযানে অংশ নেয়নি, তাই এখন তারা জ্বালানি সংকটের মুখে পড়েছে। অন্যদিকে, ইসরায়েলগামী মার্কিন যুদ্ধবিমানকে আকাশপথ ব্যবহার করতে না দেওয়ায় ফ্রান্সের প্রতিও তিনি চরম অসন্তোষ প্রকাশ করেন। ট্রাম্প হুঁশিয়ারি দিয়ে বলেন, “আমেরিকা এই অসহযোগিতার কথা মনে রাখবে।”
মধ্যপ্রাচ্যের এই বিধ্বংসী যুদ্ধে এ পর্যন্ত তিন হাজারেরও বেশি মানুষের মৃত্যু হয়েছে। ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ইসরায়েল ও মার্কিন হামলায় ১৯০০-এর বেশি ইরানি নাগরিক প্রাণ হারিয়েছেন। এছাড়া লেবাননে ১২০০ এবং ইসরায়েলে ১৯ জন মারা গেছেন। যুদ্ধে এ পর্যন্ত ১৩ জন মার্কিন সেনার মৃত্যুর খবরও নিশ্চিত করা হয়েছে। উদ্ভূত পরিস্থিতিতে ট্রাম্পের এই কড়া বার্তা বিশ্ব রাজনীতিতে নতুন সমীকরণ তৈরি করছে।