আমিরাশাহিতে ভুল তথ্য ছড়িয়ে গ্রেফতার ১৯ ভারতীয়, হতে পারে জেল ও বড় অঙ্কের জরিমানা

আমিরাশাহিতে ভুল তথ্য ছড়িয়ে গ্রেফতার ১৯ ভারতীয়, হতে পারে জেল ও বড় অঙ্কের জরিমানা

সংযুক্ত আরব আমিরাতে পশ্চিম এশিয়ার সংঘাত নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তিকর ও কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই দিয়ে তৈরি ভুয়ো ভিডিও ছড়ানোর অভিযোগে ৩৫ জনকে গ্রেফতারের নির্দেশ দেওয়া হয়েছে। ধৃতদের মধ্যে ১৯ জনই ভারতীয় নাগরিক। দেশটির অ্যাটর্নি জেনারেল হামাদ সইফ আল শামসি জানিয়েছেন, জাতীয় নিরাপত্তা ও স্থিতিশীলতা বিঘ্নিত করতে পারে এমন উসকানিমূলক কন্টেন্ট ছড়ানোর দায়ে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

তদন্তে জানা গেছে, অভিযুক্তরা তিনটি পৃথক গোষ্ঠীতে বিভক্ত হয়ে অপপ্রচার চালাচ্ছিল। কেউ আসল ক্ষেপণাস্ত্র হামলার ভিডিও শেয়ার করেছেন, কেউ অন্য দেশের বা এআই নির্মিত ভিডিওকে আমিরাশাহির ঘটনা বলে দাবি করেছেন, আবার কেউ ইরানকে সমর্থন করে ভিডিও ছড়িয়েছেন। ধৃতদের তালিকায় ভারতীয় ছাড়াও পাকিস্তান, নেপাল, বাংলাদেশ, ফিলিপাইন ও মিশরের নাগরিকরা রয়েছেন বলে প্রশাসনের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে।

আমিরাশাহির কঠোর আইন অনুযায়ী, এই ধরনের সাইবার অপরাধ বা ভুল তথ্য ছড়ানোর দায়ে অভিযুক্তদের কমপক্ষে এক বছরের কারাদণ্ড এবং অন্তত ১ লক্ষ দিরহাম জরিমানা হতে পারে। শিশুদের আবেগ ব্যবহার করে আতঙ্ক তৈরি বা জাতীয় নিরাপত্তার জন্য হুমকি সৃষ্টি করাকে অত্যন্ত গুরুত্বের সাথে দেখছে স্থানীয় প্রশাসন। বর্তমানে এই ঘটনায় জড়িতদের বিরুদ্ধে দ্রুত আইনি প্রক্রিয়া শুরু করার নির্দেশ দেওয়া হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *