আমেরিকাকে মদত দিলে পরিনাম হবে ভয়ঙ্কর, ব্রিটেনকে সরাসরি যুদ্ধের হুঁশিয়ারি ইরানের

মধ্যপ্রাচ্যের রণক্ষেত্রে এবার সরাসরি ব্রিটেনকে কাঠগড়ায় দাঁড় করাল ইরান। তেহরানের সাফ বার্তা, আমেরিকা যদি ব্রিটিশ সামরিক ঘাঁটি ব্যবহার করে ইরানের ওপর হামলা চালায়, তবে লন্ডনকেও যুদ্ধের অংশীদার হিসেবে গণ্য করা হবে। সম্প্রতি ব্রিটিশ নেত্রী ইভেট কুপারকে ফোনে এই কড়া হুঁশিয়ারি দিয়েছেন ইরানের বিদেশমন্ত্রী আব্বাস আরাঘচি।
ইরানের অভিযোগ, ব্রিটেন ও ইউরোপীয় দেশগুলো ইজরায়েল ও আমেরিকার আগ্রাসনকে প্রশ্রয় দিচ্ছে। বিশেষ করে ইরানের গ্যাস ফিল্ডে হামলার ঘটনায় লন্ডনের নীরবতা নিয়ে ক্ষোভ উগরে দিয়েছে তেহরান। অন্যদিকে, ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার জানিয়েছেন, তারা কেবল আত্মরক্ষামূলক পদক্ষেপের জন্য আমেরিকাকে ঘাঁটি ব্যবহারের অনুমতি দেবেন এবং ইরাক যুদ্ধের মতো ভুল আর পুনরাবৃত্তি করতে চান না।
তবে সংঘাতের মেঘ ঘনীভূত হচ্ছে ব্রিটিশ এয়ারবেসে মার্কিন বি-৫২ বোমারু বিমানের গতিবিধি ঘিরে। বিসিবি-র রিপোর্ট অনুযায়ী, আরএএফ ফেয়ারফোর্ড থেকে ওড়া মার্কিন বিমানগুলো ১৫ ঘণ্টার মিশন শেষে যখন ফিরছে, তখন তাদের ডানায় থাকা ক্রুজ মিসাইলগুলো গায়েব থাকছে। অর্থাৎ, ব্রিটিশ মাটি ব্যবহার করে ইরান বা তার মিত্রদের লক্ষ্য করে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ছোড়া হচ্ছে বলেই ধারণা করা হচ্ছে। বর্তমানে তেহরান ও জেরুজালেমজুড়ে মুহুর্মুহু বিস্ফোরণের শব্দে পরিস্থিতি চরম উত্তেজনার দিকে মোড় নিয়েছে।