আমেরিকায় চরম বিপাকে ভারতীয় আইটি কর্মীরা, স্থানীয় ইউটিউবারদের নিশানায় এবার H-1B ভিসা ধারীরা

আমেরিকায় চরম বিপাকে ভারতীয় আইটি কর্মীরা, স্থানীয় ইউটিউবারদের নিশানায় এবার H-1B ভিসা ধারীরা

আমেরিকার টেক্সাসে বসবাসকারী ভারতীয় অভিবাসীদের লক্ষ্য করে স্থানীয় ইউটিউবারদের অনলাইন হেনস্থা ও বিদ্বেষমূলক প্রচার আশঙ্কাজনকভাবে বৃদ্ধি পেয়েছে। সম্প্রতি টেক্সাসের এক নারী ইউটিউবার ‘গোলকোন্ডা এক্সপ্রেস’ নামক একটি ফুড ট্রাকে গিয়ে নবীন তুম্মলা নামের এক ভারতীয় ব্যক্তিকে হেনস্থা করার ভিডিও প্রকাশ করেন। এইচ-১বি (H-1B) ভিসাধারী ওই ব্যক্তি তার স্ত্রীর ব্যবসায় সাহায্য করতে গিয়ে এই নিগ্রহের শিকার হন। অভিযুক্ত ইউটিউবার দাবি করেন, ভারতীয় অভিবাসীরা অবৈধভাবে ব্যবসা করে টেক্সাস দখল করছে, যা সোশ্যাল মিডিয়ায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি করেছে।

আইনি জটিলতার বিষয়ে বিশেষজ্ঞরা জানাচ্ছেন, এইচ-১বি ভিসাধারীরা নির্দিষ্ট সংস্থার বাইরে কাজ বা ব্যবসা করতে পারেন না, যদিও তাদের জীবনসঙ্গীরা এইচ-৪ ভিসার আওতায় বৈধভাবে ব্যবসার অনুমতি পান। নবীন তার স্ত্রীর ব্যবসায় কেবল সাহায্য করছিলেন বলে জানালেও ভিডিওতে বিষয়টিকে বড় ধরনের জালিয়াতি হিসেবে উপস্থাপন করা হয়েছে। বিশেষ করে টেক্সাসের মতো রিপাবলিকান অধ্যুষিত অঞ্চলগুলোতে অভিবাসীবিরোধী রাজনৈতিক মনোভাব ও দক্ষিণপন্থী গোষ্ঠীগুলোর তৎপরতা বাড়তে থাকায় ভারতীয়দের জন্য পরিস্থিতি জটিল হয়ে উঠছে।

বিশ্লেষকদের মতে, ইউটিউবে ভিউ পাওয়ার নেশায় একশ্রেণির কনটেন্ট ক্রিয়েটর ভারতীয়দের টার্গেট করে এই ধরনের ‘স্ক্যাম এক্সপোজ’ ভিডিও বানাচ্ছে। এমনকি সম্প্রতি টেক্সাসে হনুমান মন্দির প্রতিষ্ঠা নিয়েও স্থানীয়রা অনলাইনে তীব্র বিরোধিতা শুরু করেছে। এমতাবস্থায় আমেরিকায় বসবাসকারী ভারতীয়দের স্থানীয় শ্রম আইন ও ভিসার শর্তাবলি নিয়ে আরও সচেতন হওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। ছোট কোনো টেকনিক্যাল ভুল যাতে বড় বিপদে রূপ না নেয়, সেজন্য সতর্ক থাকা এবং সামাজিক যোগাযোগ মাধ্যমেও সতর্কভাবে চলাফেরা করা এখন অত্যন্ত জরুরি।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *