আমেরিকায় ৫০ বছর পর নতুন তেল শোধনাগার তৈরির ঐতিহাসিক ঘোষণা দিলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প

আমেরিকায় জ্বালানি খাতে এক ঐতিহাসিক অধ্যায়ের সূচনা করে ৫০ বছর পর প্রথমবার নতুন তেল শোধনাগার তৈরির ঘোষণা দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। টেক্সাসের ব্রাউনসভিলে প্রায় ৩০০ বিলিয়ন ডলার ব্যয়ে নির্মিতব্য এই মেগা প্রকল্পে ভারতের শীর্ষস্থানীয় বেসরকারি প্রতিষ্ঠান রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ বিনিয়োগ করতে চলেছে বলে তিনি জানিয়েছেন। ট্রাম্প এই চুক্তিকে ‘আমেরিকা ফার্স্ট’ নীতির বড় জয় এবং মার্কিন ইতিহাসের অন্যতম বৃহত্তম বিনিয়োগ হিসেবে অভিহিত করেছেন।
সামাজিক যোগাযোগমাধ্যমে এই ঘোষণা দিয়ে ট্রাম্প জানান, অত্যাধুনিক ও পরিবেশবান্ধব এই শোধনাগারটি মার্কিন জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি হাজার হাজার কর্মসংস্থান সৃষ্টি করবে। মধ্যপ্রাচ্যে অস্থিরতার আবহে এই পদক্ষেপ বিশ্ববাজারে জ্বালানি তেলের সমীকরণ বদলে দিতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে এই বিশাল বিনিয়োগ বা অংশীদারিত্বের বিষয়ে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ কর্তৃপক্ষের পক্ষ থেকে এখন পর্যন্ত আনুষ্ঠানিক কোনো নিশ্চয়তা বা বিবৃতি পাওয়া যায়নি।