আমেরিকার এআই ডেটা সেন্টারে ইরানের ড্রোন হামলা, মধ্যপ্রাচ্যে তুঙ্গে যুদ্ধ উত্তেজনা

সামরিক ঘাঁটি ও তেল শোধনাগারের পর এবার মধ্যপ্রাচ্যে অবস্থিত গুগল ও অ্যামাজনের মতো মার্কিন টেক জায়ান্টদের এআই ডেটা সেন্টারগুলিকে নিশানা করছে ইরান। সম্প্রতি সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবিতে অ্যামাজনের একটি তথ্যভাণ্ডারে ইরানের ‘কামিকাজে’ ড্রোন আছড়ে পড়ে, যার ফলে পরিষেবা মারাত্মকভাবে ব্যাহত হয়। বাহরাইন ও কাতারেও একই ধরনের হামলার চেষ্টা চালিয়েছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি)।
প্রতিরক্ষা বিশেষজ্ঞদের মতে, যুক্তরাষ্ট্রের কৃত্রিম মেধা (এআই) প্রযুক্তি ব্যবহার করে ইরানি নেতা আয়াতোল্লা আলি খামেনেইকে হত্যার প্রতিশোধ নিতেই এই কৌশল নিয়েছে তেহরান। এআই ডেটা সেন্টারগুলি বিশাল এলাকা জুড়ে থাকায় এবং প্রচুর তাপ নির্গত করায় এগুলিকে চিহ্নিত করা সহজ হচ্ছে। এই হামলার ফলে দুবাই ও আবুধাবির ব্যাংকিং এবং অ্যাপ-ভিত্তিক জরুরি পরিষেবাগুলি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, যা ওয়াশিংটনের জন্য বড় চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে।
এই সংঘাতের ফলে মধ্যপ্রাচ্যে আমেরিকার কয়েক বিলিয়ন ডলারের বিনিয়োগ ও প্রযুক্তিগত আধিপত্য হুমকির মুখে। ডোনাল্ড ট্রাম্পের উদ্যোগে শুরু হওয়া এসব প্রকল্পে সৌদি আরব ও কাতার বিপুল লগ্নির প্রতিশ্রুতি দিয়েছিল, যা এখন অনিশ্চিত। ইরান মূলত আমেরিকার অর্থনৈতিক মেরুদণ্ড ও প্রযুক্তিগত সক্ষমতার মূলে আঘাত হানার রণকৌশল নিয়েছে। এর ফলে বিশ্বজুড়ে প্রযুক্তি বাজারে অস্থিরতা তৈরি হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।