আমেরিকার কোষাগারে উপচে পড়ছে বিদেশি অর্থ! নিজের শুল্ক পদক্ষেপের প্রশংসায় ট্রাম্প

আমেরিকার কোষাগারে উপচে পড়ছে বিদেশি অর্থ! নিজের শুল্ক পদক্ষেপের প্রশংসায় ট্রাম্প

নিজের বিতর্কিত শুল্ক নীতির প্রশংসায় পঞ্চমুখ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সুপ্রিম কোর্ট তাঁর এই নীতি বাতিল ঘোষণা করলেও সেই সিদ্ধান্তকে কার্যত তুড়ি মেরে উড়িয়ে দিলেন তিনি। বুধবার বার্ষিক ‘স্টেট অফ দ্য ইউনিয়ন’ বক্তৃতায় ট্রাম্প অত্যন্ত আত্মবিশ্বাসের সঙ্গে দাবি করেন যে, তাঁর নেওয়া এই কঠোর পদক্ষেপের কারণেই আমেরিকার অর্থনীতি আজ এক অনন্য উচ্চতায় পৌঁছেছে।

ট্রাম্পের মতে, এই শুল্ক নীতির ফলে বিপুল পরিমাণ অর্থ দেশের কোষাগারে এসেছে যা জাতীয় নিরাপত্তা এবং অর্থনীতির ভিতকে আগের চেয়ে অনেক বেশি শক্তিশালী করেছে। বিচারবিভাগের বিরোধিতাকে ‘দুর্ভাগ্যজনক’ আখ্যা দিয়ে তিনি স্পষ্ট জানান, বিগত কয়েক বছর ধরে বিশ্বের অন্য দেশগুলি সুযোগ পেলেই আমেরিকাকে ব্যবহার করেছে এবং অর্থনৈতিক ফায়দা লুটেছে। কিন্তু তাঁর জমানায় সেই সুযোগ আর কেউ পাবে না।

প্রেসিডেন্টের এই কড়া অবস্থান বিশ্ব বাণিজ্য মহলে নতুন করে শোরগোল ফেলে দিয়েছে। একদিকে বিচারবিভাগের আইনি বাধা, অন্যদিকে ট্রাম্পের ‘আমেরিকা ফার্স্ট’ নীতি— সব মিলিয়ে হোয়াইট হাউসের আগামী পদক্ষেপের দিকেই এখন তাকিয়ে রয়েছে গোটা বিশ্ব।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *