আমেরিকার স্থল অভিযানের প্রস্তুতি: মার্কিন সেনাকে নিশ্চিহ্ন করার হুঁশিয়ারি ইরানের সেনাপ্রধানের

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে মধ্যপ্রাচ্যে সাড়ে তিন হাজারের বেশি মার্কিন সেনা মোতায়েনকে কেন্দ্র করে যুদ্ধের রণদামামা বেজে উঠেছে। পেন্টাগন ইরানে চূড়ান্ত আঘাত হানতে বড় ধরনের স্থল অভিযানের প্রস্তুতি নিচ্ছে বলে জানা গেছে। এই পরিস্থিতিতে পালটা কঠোর হুঁশিয়ারি দিয়ে ইরানের সেনাপ্রধান আমির হাতামি জানিয়েছেন, শত্রুসৈন্য ইরানের ভূখণ্ডে প্রবেশ করলে একজনও জীবিত ফিরতে পারবে না।
অভিযান জোরদার করতে আমেরিকা ইতিমধ্যে ‘জলদানব’ খ্যাত যুদ্ধজাহাজ ইউএসএস ত্রিপোলিকে মধ্যপ্রাচ্যে পাঠিয়েছে। স্যাটেলাইট চিত্র অনুযায়ী, দক্ষিণ চীন সাগর থেকে আসা এই রণতরীতে প্রায় আড়াই হাজার মেরিন সেনা রয়েছে। তবে হোয়াইট হাউস এখনই স্থলপথে সেনা প্রবেশের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানায়নি। শেষ মুহূর্তের পরিস্থিতি পর্যালোচনা করছে ওয়াশিংটন।
ইরানের ইসলামিক গার্ড কর্পস এবং সেনাপ্রধান উভয়েই যেকোনো ধরনের হামলা মোকাবিলার জন্য তেহরানের প্রস্তুতির কথা পুনর্ব্যক্ত করেছেন। সেনাপ্রধান আমির হাতামি দেশের নিরাপত্তা নিশ্চিত করার অঙ্গীকার করে জানিয়েছেন, যুদ্ধের ছায়া সরাতে তারা বদ্ধপরিকর। তেহরান স্পষ্ট করে দিয়েছে যে, মধ্যপ্রাচ্যের এক স্থান নিরাপদ এবং অন্য স্থান অনিরাপদ—এমন সমীকরণ তারা মেনে নেবে না।