আমেরিকা ও ইজরায়েলকে চরম হুঁশিয়ারি মুজতবা খামেনেইয়ের, বন্ধই থাকছে হরমুজ প্রণালী

আমেরিকা ও ইজরায়েলকে চরম হুঁশিয়ারি মুজতবা খামেনেইয়ের, বন্ধই থাকছে হরমুজ প্রণালী

আমেরিকা ও ইজরায়েলকে কড়া বার্তা দিলেন ইরানের নবনিযুক্ত সর্বোচ্চ নেতা মুজতবা খামেনেই। দায়িত্ব গ্রহণের পর নিজের প্রথম বার্তায় তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী বন্ধই থাকবে। একইসঙ্গে ইরানি নাগরিকদের মৃত্যুর প্রতিটি ফোঁটা রক্তের হিসাব নেওয়ার অঙ্গীকার করেছেন তিনি।

বৃহস্পতিবার রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত এক বার্তায় খামেনেই বলেন, ইরান প্রতিটি শহীদের আত্মত্যাগের প্রতিশোধ নেবে। বিশেষ করে মিনাবে নিহতদের এবং নিরপরাধ শিশুদের মৃত্যুর বদলা নেওয়া হবে। শত্রুপক্ষকে সতর্ক করে তিনি জানান, হামলার কারণে হওয়া ক্ষয়ক্ষতির পূরণ আদায় করা হবে। যদি তারা ক্ষতিপূরণ না দেয়, তবে ইরান শত্রুর সম্পত্তির ওপর অধিকার প্রতিষ্ঠা করবে অথবা তা ধ্বংস করে দেবে।

আঞ্চলিক নিরাপত্তার প্রশ্নে প্রতিবেশী দেশগুলোকে নিজেদের ভূখণ্ড থেকে মার্কিন সেনা সরিয়ে নেওয়ার আহ্বান জানিয়েছেন সর্বোচ্চ নেতা। তিনি দাবি করেন, যেসব দেশে আমেরিকার সামরিক ঘাঁটি রয়েছে এবং যেখান থেকে ইরানের ওপর হামলা চালানো হচ্ছে, কেবল সেই নির্দিষ্ট লক্ষ্যবস্তুগুলোতেই আঘাত হানা হয়েছে। ইরান প্রতিবেশীদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে চায় বলেই সরাসরি তাদের ওপর কোনো হামলা চালায়নি।

ইরানি সেনাবাহিনীর সাহসিকতার প্রশংসা করে মুজতবা খামেনেই বলেন, প্রতিরক্ষা বাহিনী শত্রুর যেকোনো আক্রমণের যোগ্য জবাব দিতে প্রস্তুত। এই লড়াইয়ে পাশে থাকার জন্য তিনি হিজবুল্লাহ এবং ইরাকি প্রতিরোধ যোদ্ধাদের ধন্যবাদ জানান। প্রতিকূল পরিস্থিতির মধ্যেও এই গোষ্ঠীগুলো ইরানের অকৃত্রিম বন্ধু হিসেবে কাজ করছে বলে তিনি উল্লেখ করেন। যদিও এই গুরুত্বপূর্ণ বার্তাটি রাষ্ট্রীয় দূরদর্শনে পাঠ করে শোনানো হয়েছে, তবে খামেনেই নিজে পর্দায় উপস্থিত হননি।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *