আমেরিকা থেকে ১৬ হাজার টন এলপিজি নিয়ে ভারতে ‘পাইএক্সিস পাইওনিয়ার’

আমেরিকা থেকে ১৬,৭১৪ মেট্রিক টন তরল পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) নিয়ে কর্নাটকের নিউ ম্যাঙ্গালুরু বন্দরে পৌঁছাল পণ্যবাহী জাহাজ ‘পাইএক্সিস পাইওনিয়ার’। গত ১৪ ফেব্রুয়ারি টেক্সাস বন্দর থেকে যাত্রা শুরু করা এই জাহাজটি রবিবার ভারতের উপকূলে নোঙর করেছে। পশ্চিম এশিয়ায় যুদ্ধকালীন উত্তেজনার আবহে এই সরবরাহ দেশের অভ্যন্তরীণ গ্যাসের জোগান বৃদ্ধিতে সহায়ক হবে বলে মনে করা হচ্ছে।
উল্লেখ্য, নিউ ম্যাঙ্গালুরুতেই দেশের বৃহত্তম ভূগর্ভস্থ গ্যাস ভান্ডার অবস্থিত, যা সমুদ্রপৃষ্ঠ থেকে ২২৫ মিটার গভীরে অবস্থিত। গত সেপ্টেম্বর থেকে রাষ্ট্রায়ত্ত সংস্থাগুলি ৮০ হাজার টন ধারণক্ষমতা সম্পন্ন এই ভান্ডারটি ব্যবহার শুরু করেছে। জ্বালানি আমদানির এই ধারাবাহিকতা দেশের শক্তি নিরাপত্তা নিশ্চিত করতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।
একই দিনে নিউ ম্যাঙ্গালুরু বন্দরে নোঙর করেছে রাশিয়ার অপরিশোধিত তেলবাহী জাহাজ ‘অ্যাকোয়া টাইটান’। চিনের দিকে যাওয়ার কথা থাকলেও মাঝপথে অভিমুখ পরিবর্তন করে জাহাজটি ভারতে আসে। জানা গেছে, চিনগামী অন্তত সাতটি রুশ জাহাজ ভারতের দিকে মুখ ঘুরিয়েছে, যার মধ্যে ‘অ্যাকোয়া টাইটান’ প্রথম ভারতীয় বন্দরে প্রবেশ করল।