আম আদমি পার্টিতে ব্রাত্য রাঘব চাড্ডা! জল্পনা উস্কে কি নতুন রাজনৈতিক দল গড়ছেন তরুণ সাংসদ

আম আদমি পার্টির (AAP) অন্দরে ক্রমশ কোণঠাসা হয়ে পড়ছেন রাজ্যসভার প্রভাবশালী সাংসদ রাঘব চাড্ডা। সম্প্রতি তাঁকে দলের রাজ্যসভার উপ-নেতার পদ থেকে সরিয়ে অশোক কুমার মিত্তলকে সেই দায়িত্ব দিয়েছে আপ হাইকম্যান্ড। এমনকি সংসদে দলের হয়ে কথা বলার ক্ষেত্রেও তাঁর ওপর বিধিনিষেধ আরোপ করা হয়েছে বলে অভিযোগ। দলের সঙ্গে এই ক্রমবর্ধমান দূরত্বের মাঝেই রাঘবের একটি সোশ্যাল মিডিয়া পোস্ট ঘিরে জাতীয় রাজনীতিতে তুঙ্গে উঠেছে নতুন জল্পনা।
সম্প্রতি ইনস্টাগ্রামে জনৈক কন্টেন্ট ক্রিয়েটরের একটি ভিডিও শেয়ার করেছেন রাঘব, যেখানে তাঁকে নিজস্ব স্বতন্ত্র রাজনৈতিক দল গড়ার পরামর্শ দেওয়া হয়েছে। ওই ভিডিওতে দাবি করা হয়, অন্য কোনো দলে যোগ দেওয়ার চেয়ে নতুন দল গড়লে তরুণ প্রজন্মের বিপুল সমর্থন পাবেন তিনি। রাঘব নিজে এই ভিডিওটিকে ‘আকর্ষণীয় চিন্তা’ বলে বর্ণনা করায় তাঁর পরবর্তী পদক্ষেপ নিয়ে প্রশ্ন উঠছে। এছাড়াও ‘৪৮ লজ অফ পাওয়ার’ বইটি পড়ার ছবি পোস্ট করে তিনি লিখেছেন, “কিছু বই সঠিক সময়েই সামনে আসে।”
দলের তরফে অবশ্য রাঘবের বিরুদ্ধে একাধিক অভিযোগ তোলা হয়েছে। আপ নেতা সৌরভ ভরদ্বাজের দাবি, নির্বাচন কমিশনারের বিরুদ্ধে আনা ইমপিচমেন্ট প্রস্তাবে স্বাক্ষর করতে অস্বীকার করেছিলেন রাঘব। অন্যদিকে, দলের কঠিন সময়ে তাঁর অনুপস্থিতি ও সংসদে বিষয়ভিত্তিক আলোচনার বদলে জনমোহিনী ইস্যু তোলা নিয়ে উষ্মা প্রকাশ করেছেন অতিশী। সব মিলিয়ে, দিল্লির রাজনীতিতে রাঘব চাড্ডার ভবিষ্যৎ এখন কোন দিকে মোড় নেয়, সেদিকেই তাকিয়ে রাজনৈতিক মহল।