আরজি করের নির্যাতিতার মায়ের পথেই কি টুম্পা কয়াল? একুশের নির্বাচনে বড় চমক গেরুয়া শিবিরের

কলকাতা: আরজি কর আবহে বড়সড় রদবদল রাজ্যের রাজনীতিতে। কামদুনির স্মৃতি উসকে এবার পদ্ম শিবিরে যোগ দিলেন প্রতিবাদী মুখ টুম্পা কয়াল। রবিবার সল্টলেকে লকেট চট্টোপাধ্যায়ের উপস্থিতিতে বিজেপির পতাকা হাতে তুলে নেন তিনি। আরজি করের নির্যাতিতার মায়ের পর টুম্পার এই যোগদান আসন্ন বিধানসভা নির্বাচনে বিজেপির প্রার্থী তালিকা নিয়ে জল্পনা কয়েক গুণ বাড়িয়ে দিল।
বিজেপিতে যোগ দিয়ে টুম্পা জানান, কামদুনির লড়াইয়ের সময় থেকেই বিজেপি তাঁদের পাশে দাঁড়িয়েছে। সুপ্রিম কোর্ট পর্যন্ত আইনি লড়াইয়েও দলগত সমর্থন পেয়েছেন তিনি। পরিবারের সম্মতিতেই এই রাজনৈতিক সিদ্ধান্ত নিয়েছেন বলে জানিয়েছেন এই প্রতিবাদী মুখ। অন্যদিকে, মৌসুমি কয়ালের ভূমিকা নিয়ে প্রশ্ন করা হলে তিনি জানান, সেটি মৌসুমির ব্যক্তিগত বিষয়।
কয়েক দিন আগেই আরজি করের নির্যাতিতার মা সশরীরে রাজনীতিতে নামার ঘোষণা করেছিলেন। দুর্নীতির শিকড় উপড়ে ফেলতেই তাঁর এই সিদ্ধান্ত বলে জানিয়েছিলেন তিনি। এবার একই পথে হেঁটে টুম্পা কয়ালের পদ্ম-যোগ বিরোধী শিবিরে বাড়তি অক্সিজেন জোগাবে বলে মনে করছে ওয়াকিবহাল মহল। যদিও ভোটে লড়াই প্রসঙ্গে টুম্পা বা বিজেপি নেতৃত্ব এখনও সরাসরি কোনও মন্তব্য করেনি।
রবিবারের সাংবাদিক সম্মেলন থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেও তীব্র আক্রমণ করেন লকেট চট্টোপাধ্যায়। বুথ আগলানোর ডাককে কটাক্ষ করে তিনি বলেন, “১৫০০ টাকার বিনিময়ে কি মহিলাদের আত্মসম্মান কেনা সম্ভব? লক্ষ্মীর ভাণ্ডার পেলেও মহিলারা আগে লক্ষ্মীর সম্মান রক্ষা করবেন এবং ইভিএমে পদ্ম ফুটিয়েই তার জবাব দেবেন।”