আরজি করের লিফটে দীর্ঘক্ষণ বিভ্রাট, হৃদরোগে আক্রান্ত হয়ে রোগীর পরিজনের মৃত্যু

ছেলের চিকিৎসার জন্য এসে আরজি কর মেডিকেল কলেজ ও হাসপাতালের ট্রমা কেয়ার বিল্ডিংয়ের লিফটে আটকে প্রাণ হারালেন দমদমের বাসিন্দা অরূপ বন্দ্যোপাধ্যায় (৪০)। শুক্রবার ভোরে স্ত্রী ও সন্তানসহ লিফটে উঠে যান্ত্রিক বিভ্রাটের কবলে পড়েন তিনি। লিফটি আচমকা বেসমেন্টে নেমে যাওয়ায় এবং দীর্ঘক্ষণ আটকে থাকায় প্রবল আতঙ্কে তিনি হৃদরোগে আক্রান্ত হন বলে জানা গেছে।
পরিবারের অভিযোগ, ভোর ৫টা নাগাদ দুর্ঘটনাটি ঘটলেও প্রায় এক ঘণ্টা লিফটের ভেতর তারা অসহায় অবস্থায় আটকে ছিলেন। বারবার সাহায্যের জন্য চিৎকার করলেও কোনো লিফটম্যান বা হাসপাতাল কর্মীর সাড়া মেলেনি। দীর্ঘ প্রতীক্ষার পর সেখানেই মৃত্যু হয় ওই ব্যক্তির। ঘটনাস্থলে টালা থানার পুলিশ পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং দেহ উদ্ধারের প্রক্রিয়া শুরু করে।
এই মর্মান্তিক ঘটনাকে কেন্দ্র করে হাসপাতালের নিরাপত্তা ও পরিষেবা নিয়ে ক্ষোভে ফেটে পড়েন রোগীর পরিজনরা। ট্রমা কেয়ারের মতো জরুরি বিভাগে লিফটম্যান না থাকা এবং যান্ত্রিক রক্ষণাবেক্ষণের অভাব নিয়ে গুরুতর গাফিলতির প্রশ্ন উঠেছে। কেন্দ্রীয় বাহিনী মোতায়েন থাকা সত্ত্বেও কীভাবে এমন অব্যবস্থা চলল, তা নিয়ে হাসপাতাল চত্বরে ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে। বর্তমানে লিফটের ত্রুটি খতিয়ে দেখা হচ্ছে।