আরজি কর মামলা থেকে সরে দাঁড়াল বিচারপতি দেবংশু বসাকের ডিভিশন বেঞ্চ

আরজি কর কাণ্ডে নিহত চিকিৎসকের পরিবারের দায়ের করা মামলাসহ এই সংক্রান্ত সমস্ত আবেদন থেকে সরে দাঁড়াল কলকাতা হাইকোর্টের বিচারপতি দেবংশু বসাকের ডিভিশন বেঞ্চ। আদালত জানিয়েছে, বর্তমানে এই বেঞ্চ আর ফৌজদারি মামলার শুনানি করে না। এর আগে বিশেষ নির্দেশে মামলাটি এখানে এসেছিল, কিন্তু বর্তমান বিচার্য বিষয়ের পরিবর্তনের কারণে মামলাগুলি ছেড়ে দেওয়া হচ্ছে।
বিচারপতি বসাক স্পষ্ট করেছেন যে, মামলাটির দীর্ঘ শুনানির প্রয়োজন যা দ্রুত শেষ করা সম্ভব নয়। প্রধান বিচারপতির কাছে এই বিষয়ে ই-মেল করা হলেও বর্তমান পরিস্থিতিতে এই বেঞ্চে শুনানি চালিয়ে যাওয়া সম্ভব হচ্ছে না। এখন প্রধান বিচারপতি স্থির করবেন পরবর্তীকালে কোন বেঞ্চে এই চাঞ্চল্যকর মামলার শুনানি অনুষ্ঠিত হবে।
২০২৪ সালের ৯ আগস্ট আরজি কর হাসপাতালে চিকিৎসকের মরদেহ উদ্ধারের ঘটনায় নিম্ন আদালত সঞ্জয় রাইকে আজীবন কারাদণ্ড দিলেও সিবিআই তদন্তে অসন্তুষ্ট নিহতের পরিবার। তদন্তের গতি বাড়ানো এবং তথ্যপ্রমাণ লোপাটের অভিযোগে তাঁরা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন। উচ্চ আদালতের এই সিদ্ধান্তে মামলার ভবিষ্যৎ নিয়ে পুনরায় অনিশ্চয়তা তৈরি হয়েছে।