আরব বিশ্বে দীর্ঘস্থায়ী সংঘাতের জেরে বিশ্বজুড়ে মুদ্রাস্ফীতির সতর্কতা আইএমএফ-এর

আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)-এর ম্যানেজিং ডিরেক্টর ক্রিস্টালিনা জর্জিয়েভা সতর্ক করেছেন যে, আরব দুনিয়ার চলমান সংঘাত দীর্ঘস্থায়ী হলে বিশ্ব অর্থনীতি গভীর সংকটে পড়তে পারে। বিশেষ করে তেলের দাম ১০ শতাংশ বৃদ্ধি পেলে বিশ্বব্যাপী মুদ্রাস্ফীতি প্রায় ৪০ বেসিস পয়েন্ট বাড়তে পারে। ইরান-আমেরিকা-ইজরায়েল উত্তেজনা সরবরাহ ব্যবস্থায় বিঘ্ন ঘটালে জ্বালানি তেলের বাজার অস্থির হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে।
ভারতের অর্থমন্ত্রকের সাম্প্রতিক রিপোর্টেও এই ভূ-রাজনৈতিক অস্থিরতা নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয়েছে। রিপোর্ট অনুযায়ী, সংঘাতের ফলে লোহিত সাগর ও হরমুজ প্রণালীর মতো গুরুত্বপূর্ণ বাণিজ্যিক পথ বিঘ্নিত হলে ভারতের আমদানিকৃত তেলের খরচ বাড়বে। এটি দেশের চলতি হিসাবের ঘাটতি বৃদ্ধি এবং টাকার বিনিময় মূল্যের ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে, যা প্রকারান্তরে অভ্যন্তরীণ বাজারে পণ্যমূল্য বাড়িয়ে দেবে।
ইতিমধ্যেই আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেল ও প্রাকৃতিক গ্যাসের দাম বাড়তে শুরু করেছে। প্রতিবেশী দেশ পাকিস্তানে জ্বালানির দাম এক লাফে ২০ শতাংশ বৃদ্ধি পাওয়ায় সাধারণ মানুষের নাভিশ্বাস উঠেছে। বিশ্ব আর্থিক বাজারের অনিশ্চয়তা কাটাতে নীতিনির্ধারকদের আগাম প্রস্তুতি নেওয়ার পরামর্শ দিয়েছে আইএমএফ। উদ্ভূত পরিস্থিতিতে বিশ্ব অর্থনীতিকে স্থিতিশীল রাখাই এখন বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।