আর্থিক তছরুপ মামলা: অনিল আম্বানির ৩,৭১৬ কোটির বিলাসবহুল আবাসন বাজেয়াপ্ত করল ইডি

আর্থিক তছরুপ মামলা: অনিল আম্বানির ৩,৭১৬ কোটির বিলাসবহুল আবাসন বাজেয়াপ্ত করল ইডি

আর্থিক তছরুপ ও ব্যাঙ্ক জালিয়াতি মামলায় বড়সড় পদক্ষেপ গ্রহণ করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। শিল্পপতি অনিল আম্বানির মালিকানাধীন মুম্বইয়ের পালি হিল এলাকার বিলাসবহুল বাসভবন ‘অ্যাবোড’ সাময়িকভাবে বাজেয়াপ্ত করা হয়েছে। প্রায় ৩,৭১৬ কোটি টাকা মূল্যের এই ১৭ তলা ভবনটি যাতে হস্তান্তর বা মালিকানা বদল না করা যায়, তার জন্যই এই আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে।

রিলায়্যান্স কমিউনিকেশন্সের বিরুদ্ধে চলা ৪০ হাজার কোটি টাকার ঋণ খেলাপ ও জালিয়াতি মামলার তদন্তের অংশ হিসেবেই এই পদক্ষেপ। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার দাবি, অনিল ধীরুভাই আম্বানি গ্রুপের বিরুদ্ধে তদন্তে নেমে এ পর্যন্ত মোট ১২ হাজার কোটি টাকার সম্পত্তি চিহ্নিত করা হয়েছে। এই মামলার প্রেক্ষিতে ২৬ ফেব্রুয়ারি শিল্পপতিকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছে সুপ্রিম কোর্ট নিযুক্ত বিশেষ তদন্তকারী দল।

বিদেশে সম্পত্তি কেনা এবং অর্থ তছরুপের অভিযোগে অনিলের স্ত্রী টিনা আম্বানিকেও তলব করা হয়েছে। যদিও তিনি ইতিমধ্যেই দু’বার হাজিরা এড়িয়েছেন। উল্লেখ্য, ২০২০ সালে ব্রিটিশ আদালতে নিজেকে দেউলিয়া ঘোষণা করেছিলেন অনিল আম্বানি। তবে সাম্প্রতিক সময়ে তাঁর সংস্থাগুলো নতুন করে পুনরুজ্জীবিত হতে শুরু করায় এবং বিভিন্ন আন্তর্জাতিক প্রকল্পের বরাত পাওয়ায় তদন্ত প্রক্রিয়া আরও গতিশীল হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *