আর জি কর মামলা থেকে সরে দাঁড়ালেন দুই বিচারপতি নতুন বেঞ্চ গঠন নিয়ে জল্পনা তুঙ্গে

আর জি কর কাণ্ডের বিচার প্রক্রিয়ায় ফের বড়সড় মোড়। মামলা থেকে নিজেদের সরিয়ে নিলেন বিচারপতি দেবাংশু বসাক ও বিচারপতি মহম্মদ শব্বর রশিদি। এর আগে বিচারপতি তীর্থঙ্কর ঘোষও এই মামলা থেকে সরে দাঁড়িয়েছিলেন। ফলে মামলাটির ভবিষ্যৎ ও দ্রুত নিষ্পত্তি নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে আইনি মহলে।
আদালত সূত্রে জানা গিয়েছে, বিচারপতি দেবাংশু বসাকের বেঞ্চে মামলাটি আসার পর দুই বিচারপতিই সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নেন। তাঁদের মতে, এই বেঞ্চটি ফৌজদারি আপিল মামলা শোনার জন্য নিয়মিত বেঞ্চ নয়। প্রতিদিন শুনানি চালিয়ে এই হাই-প্রোফাইল মামলার দ্রুত নিষ্পত্তি করা তাঁদের পক্ষে সম্ভব নয় বলেই তাঁরা নিজেদের প্রত্যাহার করে নিয়েছেন।
বিচারপতি বসাকের বেঞ্চ সরে দাঁড়ানোয় নিয়ম অনুযায়ী মামলাটি এখন প্রধান বিচারপতি সুজয় পালের কাছে পাঠানো হবে। তিনিই পরবর্তীকালে সিদ্ধান্ত নেবেন কোন নতুন বেঞ্চে আর জি করের তরুণী চিকিৎসকের ধর্ষণ ও খুনের মামলার শুনানি হবে। বিচারপ্রক্রিয়া বিলম্বিত হওয়ায় সংবেদনশীল এই মামলার পরবর্তী পদক্ষেপের দিকে তাকিয়ে রয়েছে গোটা রাজ্য।