আর রেশন নয় এবার পেট্রোল পাম্পেই মিলবে কেরোসিন! মোদী সরকারের ঝোড়ো সিদ্ধান্তে তোলপাড় দেশ

আর রেশন নয় এবার পেট্রোল পাম্পেই মিলবে কেরোসিন! মোদী সরকারের ঝোড়ো সিদ্ধান্তে তোলপাড় দেশ

মধ্যপ্রাচ্যের যুদ্ধংদেহী পরিস্থিতির মেঘ ঘনিয়ে আসতেই ভারতের জ্বালানি বাজারে বড়সড় ওলটপালট। আমজনতার হেঁশেল বাঁচাতে এক নজিরবিহীন পদক্ষেপ নিল কেন্দ্র। এবার থেকে আপনার পাড়ার নির্দিষ্ট পেট্রোল পাম্পেই পাওয়া যাবে রান্নার কেরোসিন। ইরান ও আমেরিকার সংঘাতের জেরে তৈরি হওয়া সম্ভাব্য জ্বালানি সংকট মোকাবিলায় তড়িঘড়ি এই নির্দেশিকা জারি করেছে পেট্রোলিয়াম মন্ত্রক।

আগামী ৬০ দিনের জন্য দেশজুড়ে কার্যকর হচ্ছে এই বিশেষ নিয়ম। সরকারি গেজেট অনুযায়ী, প্রতিটি জেলার অন্তত দুটি পেট্রোল পাম্পে কেরোসিন মজুত রাখার অনুমতি দেওয়া হয়েছে। সবচেয়ে বড় স্বস্তির খবর হলো, এই পরিষেবার জন্য ডিলার বা এজেন্টদের আলাদা কোনো লাইসেন্স নিতে হবে না। এমনকি জ্বালানি পরিবহণের ট্যাঙ্কারের ক্ষেত্রেও নিয়ম শিথিল করা হয়েছে যাতে দ্রুত সাধারণ মানুষের কাছে কেরোসিন পৌঁছে দেওয়া যায়।

তবে এই সিদ্ধান্তের পেছনে রয়েছে কড়া কিছু শর্ত। পেট্রোল পাম্প থেকে পাওয়া এই কেরোসিন শুধুমাত্র রান্না এবং আলো জ্বালানোর মতো গৃহস্থালির কাজেই ব্যবহার করা যাবে। কোনোভাবেই বাণিজ্যিক বা অন্য কাজে এর ব্যবহার চলবে না। নির্দেশিকায় জানানো হয়েছে, প্রতিটি পাম্প সর্বোচ্চ ২৫০০ লিটার পর্যন্ত তেল মজুত রাখতে পারবে। ১৯৩৪ ও ২০০২ সালের পেট্রোলিয়াম আইনের বিশেষ ক্ষমতা প্রয়োগ করে দেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতেই এই ঐতিহাসিক ঘোষণা করল কেন্দ্র। আন্তর্জাতিক বাজারে তেলের দাম বাড়লে এই পদক্ষেপ সাধারণ মানুষের পকেটে বড় স্বস্তি দেবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *