আলিগড়ে নির্যাতিতাকে কুপ্রস্তাব ও ব্ল্যাকমেল, অভিযুক্ত পুলিশকর্মী বরখাস্ত

উত্তরপ্রদেশের আলিগড়ে এক তরুণীর শ্লীলতাহানির অভিযোগ নিতে অস্বীকার করে উল্টে তাঁকে কুপ্রস্তাব দেওয়ার অভিযোগ উঠল এক পুলিশকর্মীর বিরুদ্ধে। বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ জানাতে থানায় গিয়েছিলেন ওই নির্যাতিতা। অভিযোগ, কর্তব্যরত কনস্টেবল মামলার এফআইআর দায়ের না করে তরুণীর ব্যক্তিগত তথ্য হাতিয়ে তাঁকে ব্ল্যাকমেল শুরু করেন। অভিযুক্ত পুলিশকর্মী নির্যাতিতাকে তাঁর সঙ্গে রাত কাটানোর বিনিময়ে ন্যায়বিচারের প্রতিশ্রুতি দেন বলে জানা গিয়েছে।
ঘটনার প্রমাণ হিসেবে একটি অডিও ক্লিপ প্রকাশ্যে এসেছে, যেখানে ওই পুলিশকর্মীকে অত্যন্ত আপত্তিকর প্রস্তাব দিতে শোনা যাচ্ছে। তিনি তরুণীকে ভয় দেখান যে, এই কথা জানাজানি হলে তাঁকেই উল্টে জেলে পাঠানো হবে। এই অডিও ক্লিপটি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়তেই যোগীরাজ্যে নারী নিরাপত্তা ও পুলিশের ভূমিকা নিয়ে তীব্র বিতর্ক ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
ঘটনাটি জানাজানি হওয়ার পরপরই ঊর্ধ্বতন কর্তৃপক্ষ নড়েচড়ে বসেছে। অভিযুক্ত কনস্টেবলকে ইতিমধ্যে সাসপেন্ড করা হয়েছে এবং তাঁর বিরুদ্ধে বিভাগীয় তদন্ত শুরু হয়েছে। পুলিশ প্রশাসন জানিয়েছে, প্রাথমিক প্রমাণের ভিত্তিতে কড়া ব্যবস্থা নেওয়া হয়েছে এবং তদন্তের রিপোর্টে অভিযোগ প্রমাণিত হলে অভিযুক্তের বিরুদ্ধে আইনি পদক্ষেপ গ্রহণ করা হবে। বর্তমানে পুরো বিষয়টি খতিয়ে দেখছে সংশ্লিষ্ট থানার বিশেষ তদন্তকারী দল।