আলিপুরদুয়ারে কংগ্রেসের দুই গোষ্ঠীর রক্তক্ষয়ী সংঘর্ষ, রণক্ষেত্র দলীয় কার্যালয়

আলিপুরদুয়ারে কংগ্রেসের দুই গোষ্ঠীর রক্তক্ষয়ী সংঘর্ষ, রণক্ষেত্র দলীয় কার্যালয়

আলিপুরদুয়ার বিধানসভা কেন্দ্রের কংগ্রেস প্রার্থী তথা জেলা সভাপতি মৃন্ময় সরকারকে কেন্দ্র করে দলের অভ্যন্তরীণ কোন্দল চরমে উঠল। শুক্রবার থেকে জেলা কার্যালয়ে ঝুলতে থাকা তালা রবিবার খোলাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে ধুন্ধুমার পরিস্থিতির সৃষ্টি হয়। প্রাক্তন জেলা সভাপতি শান্তুনু দেবনাথের অনুগামীরা মৃন্ময়বাবুকে ‘বহিরাগত’ তকমা দিয়ে কার্যালয় দখলে বাধা দিলে এলাকা রণক্ষেত্রের চেহারা নেয়।

পার্টি অফিসের তালা খোলা নিয়ে শুরু হওয়া বচসা দ্রুত হাতাহাতি ও লাঠিসোঁটার লড়াইয়ে রূপ নেয়। দুই গোষ্ঠীর সংঘর্ষে শান্তুনু দেবনাথসহ উভয় পক্ষের অন্তত চারজন গুরুতর জখম হয়েছেন। আহতদের নাক ও মুখ দিয়ে রক্ত ঝরতে দেখা যায় এবং তাঁদের দ্রুত আলিপুরদুয়ার জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার খবর পেয়ে পুলিশ পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

শান্তুনু দেবনাথের দাবি, বহিরাগত প্রার্থীর নির্বাচনী কার্যালয় হিসেবে তাঁরা এই অফিস ব্যবহার করতে দেবেন না। অন্যদিকে, মৃন্ময় সরকার পাল্টা হুঁশিয়ারি দিয়ে জানিয়েছেন যে দলের শীর্ষ নেতৃত্বের সিদ্ধান্তই চূড়ান্ত এবং ভোটের পর তিনি এই ঘটনার শেষ দেখে ছাড়বেন। মনোনয়নকে কেন্দ্র করে কংগ্রেসের এই গোষ্ঠীদ্বন্দ্বে বর্তমানে জেলাজুড়ে চরম উত্তেজনা বিরাজ করছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *