আলু সংরক্ষণ নিয়ে কৃষকদের বিক্ষোভ, পরিস্থিতি সামাল দিতে নামল কেন্দ্রীয় বাহিনী

হুগলি জেলার গোঘাটের হাজিপুরে আলু সংরক্ষণকে কেন্দ্র করে চরম উত্তেজনা ছড়িয়েছে। স্থানীয় হিমঘরে নিজেদের উৎপাদিত আলু রাখার দাবিতে শনিবার সকাল থেকে বিক্ষোভ শুরু করেন কৃষকরা। অভিযোগ, স্থানীয় চাষিদের সুযোগ না দিয়ে বাইরের জেলার আলু হিমঘরে ঢোকানো হচ্ছে। পরিস্থিতির গুরুত্ব বুঝে এলাকায় বিশাল পুলিশ বাহিনী ও কেন্দ্রীয় আধা-সামরিক বাহিনী মোতায়েন করা হয়।

বিক্ষোভকারীদের দাবি, গত বছর লোকসানের পর এবারও আলুর দাম তলানিতে ঠেকেছে। বিঘা প্রতি ৮০-৯০ বস্তা ফলন হলেও হিমঘর কর্তৃপক্ষ মাত্র ৫০ বস্তা সংরক্ষণের সুযোগ দিচ্ছে, যা নিয়ে ক্ষোভ বাড়ছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীর উপস্থিতিতে টোকেন প্রথা চালু করা হয়েছে। চাষিরা বর্তমানে টোকেনের জন্য দীর্ঘ লাইনে অপেক্ষা করছেন।

সামনে নির্বাচন হওয়ায় আলুর দাম ও সংরক্ষণ ইস্যু রাজনৈতিক মাত্রা পেয়েছে। আরামবাগ মহকুমার কৃষিপ্রধান অঞ্চলে চাষিদের এই ক্ষোভকে হাতিয়ার করে আসরে নেমেছেন বিরোধী প্রার্থীরা। বিঘা প্রতি পর্যাপ্ত আলু রাখার সুযোগ না মেলায় হাজিপুরসহ পার্শ্ববর্তী এলাকার কৃষকদের মধ্যে অসন্তোষ বিরাজ করছে। বর্তমানে প্রশাসনের হস্তক্ষেপে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হলেও ক্ষোভ প্রশমিত হয়নি।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *