আসন্ন বিধানসভা নির্বাচন: ২৯১ আসনে প্রার্থী ঘোষণা তৃণমূলের

পশ্চিমবঙ্গে আসন্ন বিধানসভা নির্বাচনের লক্ষ্যে ২৯১টি আসনের পূর্ণাঙ্গ প্রার্থী তালিকা ঘোষণা করল তৃণমূল কংগ্রেস। মঙ্গলবার কালীঘাট থেকে দলের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় এই তালিকা প্রকাশ করেন। পাহাড়ে অনীত থাপার দলের জন্য তিনটি আসন ছেড়ে দেওয়া হয়েছে। টানা চতুর্থবার ক্ষমতায় ফেরার লক্ষ্য নিয়ে প্রকাশিত এই তালিকায় ৪৭ জন সংখ্যালঘু, ৫২ জন মহিলা এবং ৪২ জন তফশিলি জাতিভুক্ত প্রার্থীকে রাখা হয়েছে।
প্রার্থী তালিকায় এবার একগুচ্ছ নতুন মুখ ও তারকাদের প্রাধান্য দেওয়া হয়েছে। প্রাক্তন ফুটবলার বিদেশ বসু, ক্রিকেটার শিবশঙ্কর পাল এবং অ্যাথলিট স্বপ্না বর্মন তৃণমূলের টিকিটে লড়বেন। টলিউড তারকা সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় ও পরিচালক রাজ চক্রবর্তীকেও প্রার্থী করা হয়েছে। তবে বাদ পড়েছেন পার্থ চট্টোপাধ্যায়, মনোজ তিওয়ারি ও চিরঞ্জিত চক্রবর্তীর মতো ৭৪ জন বিদায়ী বিধায়ক।
সবচেয়ে আলোচিত কেন্দ্র নন্দীগ্রামে এবার পবিত্র কর লড়বেন শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে। মমতা বন্দ্যোপাধ্যায় নিজে দাঁড়িয়েছেন পুরনো কেন্দ্র ভবানীপুর থেকেই। এছাড়া বেলেঘাটায় কুণাল ঘোষ এবং চুঁচুড়ায় দেবাংশু ভট্টাচার্যকে প্রার্থী করে মাস্টারস্ট্রোক দিয়েছে শাসক দল। জেলাভিত্তিক বিন্যাসে উত্তর ২৪ পরগনায় ৩৩টি এবং দক্ষিণ ২৪ পরগনায় ৩১টি আসনে জয় নিশ্চিত করতে অভিজ্ঞ ও নবীনদের সমন্বয়ে জোর দিয়েছে তৃণমূল।