আসানসোলে আবর্জনার স্তূপে মিলল অসংখ্য ভোটার কার্ড, চাঞ্চল্য এলাকায়

রানিগঞ্জ শহরের চিনকুটি মোড় সংলগ্ন একটি আবর্জনার স্তূপ থেকে বিপুল পরিমাণ ভোটার কার্ড উদ্ধারকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা ছড়িয়েছে। এক যুবক স্টেশন থেকে বাড়ি ফেরার পথে নিজের নামে একটি ভোটার কার্ড সেখানে পড়ে থাকতে দেখেন। অথচ তাঁর দাবি, আসল ভোটার কার্ডটি বাড়িতেই সুরক্ষিত রয়েছে। নির্বাচনের মুখে এভাবে জনসমক্ষে পরিচয়পত্র পড়ে থাকতে দেখে প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন স্থানীয় বাসিন্দারা।
প্রাথমিক অনুমান, পুরনো ভোটার কার্ড জমা দিয়ে নতুন কার্ড নেওয়ার পর সংশ্লিষ্ট দফতরের নিয়ম অনুযায়ী পুরনো কার্ডগুলি নষ্ট করে দেওয়া উচিত ছিল। কিন্তু তা না করে খোলা জায়গায় ফেলে দেওয়ায় গাফিলতির অভিযোগ উঠেছে। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে সমস্ত কার্ড উদ্ধার করে নিয়ে যায়। ভোটার কার্ডের এমন অপব্যবহার বা অযত্ন নিয়ে সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে।
অন্যদিকে, সিতাইয়ের চামটা এলাকায় এক নাবালিকাকে শ্লীলতাহানির অভিযোগে চাঞ্চল্য ছড়িয়েছে। মুদি দোকানে একা পেয়ে কিশোরীকে কুপ্রস্তাব ও হেনস্থা করার অভিযোগে জসীম মিঞা নামে এক যুবককে আটক করেছে পুলিশ। গতকালের ঘটনার পর আজ সকালে অভিযুক্তকে এলাকায় দেখা গেলে স্থানীয়রা তাকে ধরে পুলিশের হাতে তুলে দেয়। বর্তমানে পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে এবং এলাকায় পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।