ইংরেজবাজারে গৃহবধূকে নৃশংসভাবে কুপিয়ে খুন, এলাকায় তীব্র চাঞ্চল্য

ইংরেজবাজারে গৃহবধূকে নৃশংসভাবে কুপিয়ে খুন, এলাকায় তীব্র চাঞ্চল্য

মালদার ইংরেজবাজার থানার আনন্দমোহনপুর এলাকায় শনিবার গভীর রাতে সাথী মণ্ডল (৪৫) নামে এক গৃহবধূকে তাঁর নিজের শোওয়ার ঘরেই কুপিয়ে ও মাথা থেঁতলে খুন করল দুষ্কৃতীরা। বাড়ির অদূরে চলা হরিনাম সংকীর্তনের শব্দের সুযোগ নিয়ে একদল মুখঢাকা দুষ্কৃতী ওই বাড়িতে হানা দেয়। ঘটনার সময় পরিবারের সদস্যরা কীর্তনের আসরে থাকায় বাড়িতে একাই ছিলেন সাথীদেবী।

মৃতার স্বামী কালীপদ মণ্ডলের অভিযোগ, অলঙ্কার লুঠের উদ্দেশ্যে বাড়িতে ঢোকা দুষ্কৃতীদের বাধা দিতে গিয়েই প্রাণ হারিয়েছেন তাঁর স্ত্রী। রাত দেড়টা নাগাদ পরিবারের সদস্যরা বাড়ি ফিরে এক দুষ্কৃতীকে অস্ত্র হাতে পালিয়ে যেতে দেখেন এবং ঘরের মেঝেতে সাথীদেবীর রক্তাক্ত দেহ উদ্ধার করেন। পুলিশ প্রাথমিকভাবে মনে করছে, প্রাণ বাঁচাতে দুষ্কৃতীদের সঙ্গে রীতিমতো ধস্তাধস্তি করেছিলেন ওই সাহসী গৃহবধূ।

হোলির রাতেও পার্শ্ববর্তী এলাকায় একই কায়দায় লুঠপাটের ঘটনা ঘটায় স্থানীয়দের মধ্যে চরম আতঙ্ক ছড়িয়েছে। ইংরেজবাজার থানার পুলিশ কুকুর এনে তল্লাশি চালালেও এখনও পর্যন্ত কেউ গ্রেপ্তার হয়নি। একই অপরাধী চক্র এই এলাকায় সক্রিয় হয়ে উঠেছে কি না, তা খতিয়ে দেখে চিরুনি তল্লাশি শুরু করেছে জেলা পুলিশ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *