ইউএই-তে ভয়াবহ হামলার হুঁশিয়ারি ইরানের! ঘরবাড়ি ছাড়ছেন আতঙ্কিত বাসিন্দারা

ইরানের ইসলামিক রিভোল্যুশনারি গার্ড কর্পস (IRGC) সংযুক্ত আরব আমিরাতের রাস আল-খাইমাহ এলাকায় চরম সময়সীমা নির্ধারণ করে বাসিন্দাদের দ্রুত এলাকা ছাড়ার নির্দেশ দিয়েছে। ইরানের দাবি, বিতর্কিত দ্বীপপুঞ্জে তেহরান বিরোধী অভিযানে এই এলাকা ব্যবহৃত হচ্ছে। এই হুমকির পরপরই মধ্যপ্রাচ্যের বাণিজ্যিক কেন্দ্র দুবাইয়ে ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়েছে। সিটিগ্রুপ, ডেলয়েট এবং পিডব্লিউসি-র মতো বিশ্বখ্যাত বহুজাতিক সংস্থাগুলো তাদের অফিস বন্ধ করে কর্মীদের নিরাপদ স্থানে সরিয়ে নিচ্ছে।
IRGC স্পষ্ট জানিয়েছে, সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব এবং কাতারের জ্বালানি অবকাঠামো ও অর্থনৈতিক কেন্দ্রগুলো এখন তাদের নিশানায়। বিশেষ করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে সম্পৃক্ত ব্যাংক এবং বাণিজ্যিক প্রতিষ্ঠান থেকে সাধারণ মানুষকে অন্তত এক কিলোমিটার দূরে থাকার পরামর্শ দেওয়া হয়েছে। সামরিক ঘাঁটির গণ্ডি পেরিয়ে এখন বিমানবন্দর, বন্দর এবং হোটেলগুলোও ইরানি হামলার ঝুঁকিতে রয়েছে। পরিস্থিতি মোকাবিলায় উপসাগরীয় দেশগুলোতে জরুরি সতর্কতা জারি করা হয়েছে।