ইউটিউবে সস্তায় পোশাকের ভিডিও দেখে হাওড়ায় এসে প্রতারিত ভিনরাজ্যের ব্যবসায়ী

ইউটিউবে অবিশ্বাস্য কম দামে পোশাক বিক্রির ভিডিও দেখে প্রতারণার শিকার হলেন মধ্যপ্রদেশের জবলপুরের ব্যবসায়ী বিজয় দুবে। ভিডিওতে দেড় হাজার টাকার জিন্স মাত্র ৮০ টাকা এবং দামি টি-শার্ট ৫০ টাকায় পাওয়ার টোপ দেওয়া হয়েছিল। এই প্রলোভনে পা দিয়ে তিনি হাওড়ার টিকিয়াপাড়ার এক ইউটিউবারের সঙ্গে যোগাযোগ করেন এবং সশরীরে জবলপুর-হামসফর এক্সপ্রেসে চড়ে সাঁতরাগাছি পৌঁছান।
ব্যবসায়ীর অভিযোগ, ওই ইউটিউবার তাঁকে বাইকে করে নির্দিষ্ট কিছু দোকানে নিয়ে যান। সেখানে মালপত্র পছন্দ করার পর তিনি নগদ ৫০ হাজার টাকা অগ্রিম এবং ডেলিভারি খরচ বাবদ ২ হাজার টাকা প্রদান করেন। তাঁর সামনেই পণ্য প্যাকিং করা হলেও নির্দিষ্ট সময়ে তা গন্তব্যে পৌঁছায়নি। পরবর্তীতে যোগাযোগ করা হলে তাঁকে উল্টে প্রাণে মারার হুমকি দেওয়া হয়।
এই ঘটনায় বিজয় দুবে হাওড়া সাইবার ক্রাইম থানার দ্বারস্থ হয়েছেন। প্রতারিত ব্যবসায়ীর দাবি অনুযায়ী, অভিযুক্ত ইউটিউবার তাঁকে এলাকা ছেড়ে চলে যাওয়ার জন্য ভয় দেখাচ্ছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে এবং অভিযুক্ত ইউটিউবারের সন্ধানে তল্লাশি চালাচ্ছে। এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে এবং অনলাইন ভিডিও দেখে কেনাকাটার বিষয়ে সতর্কতা জারি করা হয়েছে।