ইউটিউব দেখে সাপ ধরার নেশায় বিপত্তি, বনগাঁয় বিষধর গোখরোর কামড়ে আশঙ্কাজনক যুবক

বিনা প্রশিক্ষণে ইউটিউব ভিডিও দেখে সাপ ধরতে গিয়ে বিষধর গোখরোর কামড়ে গুরুতর জখম হলেন বনগাঁর দেবগড় এলাকার বাসিন্দা তাপস বৈরাগী। শনিবার রাতে প্রতিবেশী অজয় বিশ্বাসের বাড়িতে জালে আটকে পড়া একটি সাপ উদ্ধার করতে গিয়ে এই দুর্ঘটনার শিকার হন তিনি। কোনো অভিজ্ঞতা ছাড়াই অতি উৎসাহী হয়ে খালি হাতে সাপ ধরতে গেলে সেটি তাঁকে কামড়ে দেয়।
রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে তাপসকে দ্রুত বনগাঁ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চাঞ্চল্যকর বিষয় হলো, আহত যুবক নিজেই বস্তাবন্দি সাপটি নিয়ে হাসপাতালে হাজির হলে চিকিৎসকদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে সাপ বিশেষজ্ঞ বাপ্পা সাহা হাসপাতালে পৌঁছে সাপটিকে উদ্ধার করেন। বর্তমানে ওই যুবক আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন।
সাপ বিশেষজ্ঞ বাপ্পা সাহা এই ঘটনার প্রেক্ষিতে সাধারণ মানুষকে সতর্ক করেছেন। তিনি জানান, যথাযথ প্রশিক্ষণ ও সরঞ্জাম ছাড়া সাপ ধরা অত্যন্ত ঝুঁকিপূর্ণ এবং এক সেকেন্ডের অসতর্কতা প্রাণঘাতী হতে পারে। এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এবং বন দপ্তরের পক্ষ থেকেও অভিজ্ঞদের সাহায্য নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।