ইউপি-তে গ্রামীণ পরিবহণে বিপ্লব, ১২ হাজার গ্রামে শুরু হচ্ছে বাস পরিষেবা

উত্তরপ্রদেশের গ্রামীণ যোগাযোগ ব্যবস্থাকে ঢেলে সাজাতে ‘মুখ্যমন্ত্রী গ্রাম পরিবহণ যোজনা’ চালু করল যোগী আদিত্যনাথ সরকার। মঙ্গলবার রাজ্য মন্ত্রিসভার বৈঠকে এই মেগা প্রকল্পের অনুমোদন দেওয়া হয়েছে। প্রকল্পের মূল লক্ষ্য হলো রাজ্যের প্রতিটি বড় গ্রামকে সরাসরি জেলা সদরের সঙ্গে যুক্ত করা। আসন্ন পঞ্চায়েত নির্বাচনের প্রাক্কালে সরকারের এই পদক্ষেপ গ্রামীণ পরিকাঠামো উন্নয়নে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল।
পরিবহণ মন্ত্রী দয়াশঙ্কর সিং জানিয়েছেন, প্রাথমিক পর্যায়ে ১২ হাজার ২০০টি গ্রামকে এই পরিষেবার আওতায় আনা হয়েছে। নির্দিষ্ট সময়সূচি মেনে দিনে দু’বার গ্রাম থেকে জেলা সদরের উদ্দেশ্যে বাস চলাচল করবে। শিক্ষা, চিকিৎসা এবং কর্মসংস্থানের প্রয়োজনে গ্রামবাসীরা যাতে সকাল ১০টার মধ্যে শহরে পৌঁছাতে পারেন এবং কাজ শেষে বিকেল ৪টে বা রাত ৮টার বাসে ফিরতে পারেন, সেইভাবেই রুটগুলি সাজানো হয়েছে।
এই প্রকল্প বাস্তবায়নে বেসরকারি পরিবহণ সংস্থাগুলোর সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছে সরকার। গ্রামীণ রাস্তার উপযোগী ছোট বাস চলাচলের পাশাপাশি সংস্থাগুলোকে রোড ট্যাক্সে বিশেষ ছাড় দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কেরালা বা কর্ণাটকের মতো উন্নত পরিবহণ মডেল অনুসরণ করে উত্তরপ্রদেশের গ্রামীণ অর্থনীতিকে চাঙ্গা করাই এই পরিকল্পনার মূল উদ্দেশ্য। এর ফলে ব্যবসা-বাণিজ্য বৃদ্ধির পাশাপাশি সাধারণ মানুষের নাগরিক পরিষেবা পাওয়ার পথ আরও সুগম হবে।