‘ইউপি নেতারা ভোট করাবেন’, বিজেপি প্রার্থীর মন্তব্যে অশোকনগরে তীব্র অস্বস্তি

অশোকনগর বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী ডাঃ সুময় হীরার একটি মন্তব্যকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে ব্যাপক শোরগোল পড়ে গিয়েছে। সম্প্রতি তিনি জানান, উত্তরপ্রদেশের নেতারাই এলাকায় থেকে নির্বাচনী প্রক্রিয়ার তদারকি করবেন। প্রার্থীর এই ‘স্বীকারোক্তি’ প্রকাশ্যে আসতেই গেরুয়া শিবিরের অন্দরে দীর্ঘদিনের পুঞ্জীভূত ক্ষোভ ও অস্বস্তি নতুন করে মাথাচারা দিয়ে উঠেছে। স্থানীয় কর্মীদের একাংশ মনে করছেন, বহিরাগত নেতাদের ওপর এই নির্ভরশীলতা দলের নিজস্ব সংগঠনের প্রতি শীর্ষ নেতৃত্বের আস্থাহীনতারই বহিঃপ্রকাশ।
সুময় হীরার রাজনৈতিক অতীত নিয়ে দলের ভেতরে আগে থেকেই অসন্তোষ ছিল। তৃণমূলের প্রাক্তন কাউন্সিলর এবং গত নির্বাচনে নির্দল প্রার্থী হিসেবে লড়া সুময়কে প্রার্থী করায় আদি বিজেপি কর্মীরা ক্ষুব্ধ। তাঁদের অভিযোগ, বছরের পর বছর ঘাম রক্ত ঝরানো কর্মীদের উপেক্ষা করে ভিন রাজ্য থেকে লোক এনে দায়িত্ব দেওয়া অপমানজনক। বুথ ও মণ্ডল স্তরের অনেক কর্মীই এই পরিস্থিতিতে সরাসরি ক্ষোভ প্রকাশ করছেন, যা ভোটের মুখে পদ্ম শিবিরের অভ্যন্তরীণ ফাটলকে স্পষ্ট করে দিয়েছে।
অন্যদিকে, এই সুযোগ হাতছাড়া করতে নারাজ তৃণমূল কংগ্রেস। শাসকদলের প্রার্থী নারায়ণ গোস্বামী কটাক্ষ করে জানিয়েছেন, নিজেদের সাংগঠনিক ক্ষমতা নেই বলেই বিজেপিকে উত্তরপ্রদেশ থেকে লোক ভাড়া করে আনতে হচ্ছে। তৃণমূলের দাবি, বহিরাগতদের দিয়ে এলাকায় উস্কানি দেওয়ার পরিকল্পনা করছে বিজেপি। এই বিতর্কের জেরে অশোকনগরের বহু বিক্ষুব্ধ বিজেপি কর্মী এখন ঘাসফুল শিবিরের সঙ্গে যোগাযোগ শুরু করেছেন বলে রাজনৈতিক মহলে জল্পনা ছড়িয়েছে।