ইজরায়েলি বিমান হামলায় ধ্বংসস্তূপ ইরানি মিউজিক স্কুল, অনিশ্চয়তায় আড়াইশো শিক্ষার্থীর ভবিষ্যৎ

ইরানের ওপর সাম্প্রতিক ইজরায়েলি বিমান হামলায় সম্পূর্ণ ধূলিসাৎ হয়ে গেছে ঐতিহ্যবাহী ‘হোনিয়াক মিউজিক অ্যাকাডেমি’। সঙ্গীতশিল্পী হামিদরেজা আফারিদে এবং তাঁর স্ত্রী শেইদা এবাদাতদৌস্তের ১৫ বছরের কঠোর পরিশ্রমে গড়া এই আনন্দ নিকেতন এখন শুধুই ধ্বংসস্তূপ। সেতার ও সন্তুরের সুরের বদলে সেখানে এখন শুধুই বারুদের গন্ধ ও ভেঙে পড়া ইট-কাঠ-পাথরের স্তূপ।
গত ২৩ মার্চ ইজরায়েলি গোলা আছড়ে পড়ার সময় স্কুলটি বন্ধ থাকায় বড় কোনো প্রাণহানি ঘটেনি। তবে হামলায় প্রায় ৪২ হাজার ডলারের ব্যাপক আর্থিক ক্ষতি হয়েছে। আড়াইশো ছাত্রছাত্রীর জন্য তৈরি এই ভবনের সমস্ত বাদ্যযন্ত্র, অডিও সিস্টেম এবং শিক্ষা সরঞ্জাম বর্তমানে ব্যবহারের অযোগ্য হয়ে গেছে। ঘন ধোঁয়ায় আচ্ছন্ন সেই মুহূর্তের ভয়াবহতা এখনও কাটিয়ে উঠতে পারেননি প্রতিষ্ঠাতা দম্পতি।
সব হারিয়েও ধ্বংসস্তূপ থেকে ফিনিক্স পাখির মতো ঘুরে দাঁড়ানোর স্বপ্ন দেখছেন হামিদরেজা। যুদ্ধবিধ্বস্ত ইরানে শিল্প ও সুরকে বাঁচিয়ে রাখাই এখন তাঁর প্রধান লক্ষ্য। যদিও এই বিপুল পরিমাণ ক্ষয়ক্ষতি কাটিয়ে পুনরায় স্কুলের কার্যক্রম শুরু করা অত্যন্ত কঠিন চ্যালেঞ্জ। তবুও যুদ্ধের বিভীষিকা ছাপিয়ে নতুন করে সুরের মূর্ছনা ফিরিয়ে আনতে বদ্ধপরিকর এই সঙ্গীতশিল্পী দম্পতি।