ইজরায়েলি হামলায় নিহত ইরানের শীর্ষ নিরাপত্তা উপদেষ্টা আলি লারিজানি

ইজরায়েলি হামলায় নিহত ইরানের শীর্ষ নিরাপত্তা উপদেষ্টা আলি লারিজানি

ইরান-ইজরায়েল সংঘাতের আবহে বড় ধাক্কা খেল তেহরান। ইজরায়েলি বিমান হামলায় ইরানের প্রভাবশালী রাজনৈতিক নেতা ও সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সচিব আলি লারিজানি নিহত হয়েছেন। এই হামলায় তাঁর পুত্র মোর্তেজা লারিজানি এবং নিরাপত্তা দলের প্রধানও প্রাণ হারিয়েছেন বলে নিশ্চিত করেছে দেশটির সরকারি সংবাদমাধ্যম। ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিল লারিজানির মৃত্যুকে ‘শহিদের মর্যাদা’ হিসেবে ঘোষণা করেছে।

আলি লারিজানি ছিলেন ইরানের প্রতিরক্ষা ও কৌশল নির্ধারণের অন্যতম প্রধান কারিগর। গণিত ও দর্শনে উচ্চশিক্ষিত এই নেতা দেশটির সংসদীয় স্পিকারসহ একাধিক গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন। সম্প্রতি আমেরিকার ঘোষিত মোজতবা খামেনেইসহ ১০ জন শীর্ষ কর্মকর্তার তালিকায় তাঁর নাম প্রথম সারিতে ছিল। তাঁর মৃত্যুতে ইরানের অভ্যন্তরীণ রাজনীতি ও সামরিক কাঠামোতে এক বিশাল শূন্যতা তৈরি হয়েছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হুমকির পাল্টায় লারিজানি সম্প্রতি কঠোর হুঁশিয়ারি দিয়েছিলেন। তিনি ট্রাম্পকে ব্যক্তিগতভাবে লক্ষ্য করে বলেছিলেন যে, ইরানের ক্ষতি করতে চাইলে খোদ ট্রাম্পই নির্মূল হয়ে যেতে পারেন। এছাড়া প্রতিবেশী দেশগুলোকে ইরানের বিরুদ্ধে মার্কিন বাহিনীকে সাহায্য না করার বার্তাও দিয়েছিলেন তিনি। লারিজানির এই আকস্মিক মৃত্যু মধ্যপ্রাচ্যের বর্তমান অস্থিতিশীল পরিস্থিতিকে আরও জটিল করে তুলতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *