ইজরায়েলি হামলায় নিহত খামেনেইর ঘনিষ্ঠ লারিজানি, মধ্যপ্রাচ্যে যুদ্ধের মেঘ

ইরানের সর্বোচ্চ নেতার অত্যন্ত ঘনিষ্ঠ সহযোগী এবং দেশের অন্যতম শীর্ষ নিরাপত্তা নীতি নির্ধারক আলী লারিজানি ইজরায়েলি হামলায় নিহত হয়েছেন। তেহরানের উপকণ্ঠ পারদিসে মেয়ের বাড়িতে যাওয়ার সময় লক্ষ্যভেদী এই হামলায় লারিজানির সঙ্গে তাঁর ছেলে এবং একাধিক দেহরক্ষীও প্রাণ হারান। লারিজানিকে খামেনেই-পরবর্তী ইরানের শাসনব্যবস্থার প্রধান স্তম্ভ হিসেবে বিবেচনা করা হতো।
ইজরায়েলি গোয়েন্দা সূত্রের দাবি, স্থানীয় বাসিন্দাদের থেকে প্রাপ্ত তথ্যের ভিত্তিতেই লারিজানির গোপন অবস্থান শনাক্ত করা সম্ভব হয়েছিল। সাম্প্রতিক সময়ে কুদস দিবসের সমাবেশে তাঁর প্রকাশ্য উপস্থিতি মোসাদের নজরদারিকে আরও সহজ করে তোলে। এই অভিযানে ইরানের বাসিজ আধাসামরিক বাহিনীর প্রধান গোলামরেজা সোলেইমানিও নিহত হয়েছেন বলে জানা গেছে।
এই হত্যাকাণ্ডের পর ইরান সরকার লারিজানিকে ‘শহিদ’ আখ্যা দিয়ে গভীর শোক প্রকাশ করেছে। দেশটির সেনাপ্রধান আমীর হাতামি এই ঘটনার কঠোর এবং ‘অনুশোচনীয়’ জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন। একের পর এক শীর্ষ নেতার মৃত্যুতে ইরানের রাজনৈতিক কাঠামোতে বড় ধাক্কা লাগার পাশাপাশি পশ্চিম এশিয়ার পরিস্থিতি আরও অগ্নিগর্ভ হওয়ার আশঙ্কা করা হচ্ছে।