ইজরায়েলের ডিমোনায় ইরানের ক্ষেপণাস্ত্র হামলা, আহত শতাধিক, আতঙ্কে ‘লিটল ইন্ডিয়া’র ভারতীয়রা

ইজরায়েলের ডিমোনায় ইরানের ক্ষেপণাস্ত্র হামলা, আহত শতাধিক, আতঙ্কে ‘লিটল ইন্ডিয়া’র ভারতীয়রা

ইরানের নাতান্‌জ় পরমাণু কেন্দ্রে হামলার বদলা নিতে ইজরায়েলের ডিমোনা ও আরাদ শহরে শক্তিশালী ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র বর্ষণ করেছে তেহরান। শনিবারের এই হামলায় দুই শহরে অন্তত ১১৭ জন আহত হয়েছেন, যাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। ইজরায়েল সেনাবাহিনী হামলার সত্যতা স্বীকার করে জানিয়েছে, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এই ক্ষেপণাস্ত্রগুলো রুখতে ব্যর্থ হয়েছে। তবে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা নিশ্চিত করেছে যে, ডিমোনার পরমাণু গবেষণা কেন্দ্রটি সুরক্ষিত রয়েছে।

হামলার মূল লক্ষ্য ছিল ডিমোনা শহর, যা স্থানীয়ভাবে ‘লিটল ইন্ডিয়া’ নামে পরিচিত। এখানে মহারাষ্ট্র থেকে যাওয়া প্রায় সাড়ে সাত হাজার ভারতীয় বসবাস করেন। ক্ষেপণাস্ত্রটি একটি কমিউনিটি ভবন ও বেশ কিছু বসতবাড়িতে আঘাত হানলে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। অধিকাংশ বাসিন্দা সময়মতো বম্ব শেল্টারে আশ্রয় নেওয়ায় প্রাণহানি এড়ানো সম্ভব হলেও, এই ঘটনায় ওই এলাকায় বসবাসকারী ভারতীয় সম্প্রদায়ের মধ্যে চরম আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

ইজরায়েল বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল এফি ডেফরিন জানিয়েছেন, কেন প্রতিরক্ষা ব্যবস্থা এই হামলা ঠেকাতে পারল না, তা তদন্ত করে দেখা হচ্ছে। অন্যদিকে, ইরানের এই আকস্মিক প্রত্যাঘাতে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে উঠেছে। ডিমোনায় ৩৩ জন এবং আরাদ শহরে ৮৪ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। ভারতীয় নাগরিকদের ক্ষয়ক্ষতির বিষয়ে এখনও সুনির্দিষ্ট কোনো তথ্য পাওয়া যায়নি, তবে স্থানীয় প্রশাসন পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *