ইজরায়েল ও মার্কিন ঘাঁটিতে ইরানের ৭৫টি ক্ষেপণাস্ত্র হামলা: দিশেহারা ট্রাম্প প্রশাসন

ইজরায়েল ও আমেরিকার যৌথ হামলার জবাবে ‘আহত বাঘের’ মতো পালটা আঘাত হানল ইরান। ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি) ইজরায়েল ও মার্কিন সামরিক ঘাঁটি লক্ষ্য করে একযোগে ৭৫টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই যুদ্ধকে ‘ছোট অভিযান’ বলে অভিহিত করলেও, ২২তম দিনে এসে পরিস্থিতির ভয়াবহতা ও তেহরানের রণকৌশল ওয়াশিংটনকে রীতিমতো স্তম্ভিত করে দিয়েছে।
এর আগে ইজরায়েলের ডিমোনা ও আরাদে ইরানের হামলায় ব্যাপক ক্ষয়ক্ষতিসহ ৬০ জনেরও বেশি মানুষ আহত হন। তেহরান স্পষ্ট জানিয়েছে, তাদের ক্ষেপণাস্ত্র কর্মসূচি এখন ৪০০০ কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতেও আঘাত হানতে সক্ষম। এমনকি হরমুজ প্রণালী বন্ধ করে দেওয়ার হুমকি দিয়ে ইরান বিশ্ববাজারে তেলের সরবরাহ রুখে দেওয়ার হুঁশিয়ারিও দিয়েছে। এই সামরিক সাফল্যে ইউরোপীয় দেশগুলো এখন গভীর উদ্বেগের মধ্যে রয়েছে।
এদিকে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প ৪৮ ঘণ্টার চরম সময়সীমা বেঁধে দিয়ে ইরানের বিদ্যুৎকেন্দ্রে হামলার হুমকি দিয়েছেন। পালটা জবাবে ইরান জানিয়েছে, এমন পদক্ষেপ নেওয়া হলে মধ্যপ্রাচ্যের সমস্ত মার্কিন ঘাঁটির বিদ্যুৎ ব্যবস্থা ধ্বংস করে দেওয়া হবে। বর্তমানে যুদ্ধ পরিস্থিতি ট্রাম্পের নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে বলে মনে করছেন বিশ্লেষকরা। সোমবার আমেরিকার দেওয়া সময়সীমা শেষ হতে চলায় মধ্যপ্রাচ্যে উত্তেজনা এখন তুঙ্গে।