ইজরায়েল সংসদে মোদীর ঐতিহাসিক ভাষণ: গাজায় শান্তি ও সন্ত্রাসবাদ দমনে কড়া বার্তা

দীর্ঘ নয় বছর পর ইজরায়েল সফরে গিয়ে ইতিহাস গড়লেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই প্রথম কোনো ভারতীয় প্রধানমন্ত্রী হিসেবে ইজরায়েলি সংসদ ‘কেনেসেট’-এ ভাষণ দিলেন তিনি। বক্তব্যের শুরুতেই ভারত ও ইজরায়েলের গভীর সম্পর্কের কথা স্মরণ করিয়ে দিয়ে প্রধানমন্ত্রীকে সে দেশের সর্বোচ্চ সম্মান ‘স্পিকার অফ দ্য কেনেসেট মেডেল’-এ ভূষিত করা হয়।
প্রধানমন্ত্রী মোদী ২০২৩ সালের হামাস হামলা এবং মুম্বইয়ের ২৬/১১ হামলার তুলনা টেনে সন্ত্রাসবাদের তীব্র সমালোচনা করেন। তিনি স্পষ্ট জানান, জঙ্গি কার্যকলাপের কোনো অজুহাত হয় না এবং একে রুখতে বিশ্বকে একজোট হতে হবে। নাম না করে পাকিস্তানকে নিশানা করে তিনি বলেন, ভারত সন্ত্রাসবাদের যন্ত্রণা বোঝে এবং এর বিরুদ্ধে আপসহীন লড়াই চালিয়ে যাবে।
হামাস হামলার নিন্দা জানালেও গাজায় দ্রুত শান্তি ফেরানোর পক্ষে জোরালো সওয়াল করেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, শান্তির পথ কঠিন হলেও কূটনৈতিক আলোচনার মাধ্যমেই দীর্ঘমেয়াদি সমাধান সম্ভব। পশ্চিম এশিয়ার দেশগুলোর সঙ্গে ভারতের ভবিষ্যৎ কূটনৈতিক সমীকরণ নির্ধারণে মোদীর এই সফর অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছে ওয়াকিবহাল মহল।