ইটাহারে উন্নয়ন বনাম অপূর্ণ প্রতিশ্রুতি ৬০০ কোটির খতিয়ানেও অধরা নদী ব্রিজ

বিগত পাঁচ বছরে ইটাহার ব্লকে গ্রামীণ অবকাঠামো ও জনপরিষেবা উন্নয়নে প্রায় ৬০০ কোটি টাকার কাজ হয়েছে বলে দাবি করেছেন বিধায়ক মোশারফ হোসেন। বিধায়ক তহবিল ও সরকারি অনুদানে রাস্তাঘাট, বিশুদ্ধ পানীয় জল, স্ট্রিট লাইট, এবং স্বাস্থ্য খাতের আধুনিকীকরণে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে। বিশেষ করে আইসিইউ অ্যাম্বুলেন্স, সুস্বাস্থ্য কেন্দ্র এবং বিদ্যুৎ সমস্যা সমাধানে নতুন সাব-স্টেশন স্থাপন জনজীবনে স্বস্তি এনেছে। এছাড়া নদীভাঙন রোধে ১১ কিলোমিটার বোল্ডার পাইলিংয়ের কাজ সম্পন্ন হয়েছে।
ব্যাপক উন্নয়নমূলক কাজ সত্ত্বেও সুই ও মহানন্দা নদীতে স্থায়ী ব্রিজ নির্মাণের দীর্ঘদিনের দাবি পূরণ না হওয়ায় স্থানীয়দের মধ্যে ক্ষোভ রয়েছে। বাসিন্দাদের অভিযোগ, নৌকা ও বাঁশের সাঁকোই এখনো যাতায়াতের একমাত্র ভরসা। এছাড়া দমকল কেন্দ্র নির্মাণে বিলম্ব এবং গ্রামীণ হাসপাতালের পরিকাঠামো নিয়ে সাধারণ মানুষের আক্ষেপ রয়ে গেছে। বিধায়ক এই আসাম্পূর্ণ কাজের জন্য কেন্দ্রীয় বঞ্চনাকে দায়ী করলেও শীঘ্রই দমকল কেন্দ্রের কাজ শুরুর আশ্বাস দিয়েছেন।
ইটাহারের এই উন্নয়নের খতিয়ান নিয়ে রাজনৈতিক মহলে পাল্টাপাল্টি কটাক্ষ শুরু হয়েছে। বিরোধী দল বিজেপি ও কংগ্রেসের পক্ষ থেকে উন্নয়নের নামে দুর্নীতির অভিযোগ তোলা হয়েছে। বিরোধীদের দাবি, সাধারণ মানুষের মৌলিক সমস্যার সমাধান না করে কেবল অর্থ লোপাট করা হয়েছে। সব মিলিয়ে আগামী দিনে আসাম্পূর্ণ প্রতিশ্রুতি বনাম বাস্তবায়িত উন্নয়নের চর্চাই এখন ইটাহারের রাজনীতির মূল কেন্দ্রবিন্দু হয়ে দাঁড়িয়েছে।