ইতিহাসে এই প্রথম! ৯৫ পার করল ডলারের দর, হাহাকার বাজারে

বিশ্ববাজারে তেলের দামে আগুন আর পশ্চিম এশিয়ার যুদ্ধ পরিস্থিতির জেরে ভারতীয় মুদ্রার দামে রেকর্ড পতন ঘটল। সোমবার বাজার চলাকালীন ডলারের তুলনায় টাকার দাম কমে দাঁড়াল ৯৫.২২ টাকা, যা ভারতের ইতিহাসে সর্বকালের সর্বনিম্ন। সপ্তাহের শুরুতেই এই ধাক্কায় দিশেহারা লগ্নিকারীরা।
এদিন সকালে রিজার্ভ ব্যাঙ্কের কিছু নতুন নিয়মের জেরে বাজারে কিছুটা আশার আলো দেখা দিলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে পরিস্থিতি বদলে যায়। গত শুক্রবার এক ডলারের দাম যেখানে ৯৪.৮৫ টাকা ছিল, সোমবার তা সমস্ত রেকর্ড ভেঙে চুরমার করে দেয়। বিশ্বজুড়ে অস্থিরতার কারণে বিনিয়োগকারীরা এখন ডলার জমিয়ে রাখাকেই বেশি নিরাপদ মনে করছেন, যার ফলে হু হু করে বাড়ছে ডলারের চাহিদা।
এর পাশাপাশি ব্যারেল প্রতি তেলের দাম ১১৫.৫০ ডলারে পৌঁছে যাওয়ায় আমদানির খরচ মেটাতে ভারতের ওপর বাড়তি চাপ তৈরি হয়েছে। এই পরিস্থিতির প্রভাব সরাসরি পড়েছে শেয়ার বাজারেও। একদিনেই সেনসেক্স ১৭৩৩ পয়েন্ট এবং নিফটি ৫২৮ পয়েন্ট পড়ে যাওয়ায় মাথায় হাত সাধারণ বিনিয়োগকারীদের। বিদেশি সংস্থাগুলো বাজার থেকে শেয়ার বিক্রি করে টাকা তুলে নেওয়ায় সাধারণ মানুষের দৈনন্দিন খরচে টান পড়ার প্রবল আশঙ্কা দেখা দিয়েছে।