ইদ উপলক্ষ্যে অতিরিক্ত স্পেশাল ট্রেনের দাবিতে রেলমন্ত্রীকে চিঠি অধীর চৌধুরীর

আসন্ন ইদ উৎসবকে কেন্দ্র করে যাত্রীদের ভিড় সামাল দিতে এবং নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিত করতে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবকে চিঠি লিখলেন বহরমপুরের প্রাক্তন সাংসদ অধীর রঞ্জন চৌধুরী। মুর্শিদাবাদ, মালদহ ও দুই দিনাজপুরের বহু মানুষ ভিন রাজ্যে কর্মরত। উৎসবে তাঁদের বাড়ি ফেরার সুবিধার্থে হাওড়া ও শিয়ালদহ থেকে উত্তরবঙ্গগামী অতিরিক্ত বিশেষ ট্রেন চালানোর জোরালো আবেদন জানিয়েছেন এই কংগ্রেস নেতা।
রেলমন্ত্রীকে দেওয়া চিঠিতে অধীর চৌধুরী বেশ কিছু সুনির্দিষ্ট প্রস্তাব রেখেছেন। তিনি শিয়ালদহ থেকে নসিপুর সেতু হয়ে উত্তরবঙ্গগামী ট্রেন এবং হাওড়া থেকে আজিমগঞ্জ-ফারাক্কা রুটে বিশেষ পরিষেবা চালুর দাবি জানান। এছাড়া ইদের সপ্তাহে খাগড়াঘাট রোড স্টেশনে দূরপাল্লার ট্রেনের অস্থায়ী স্টপেজ এবং শিয়ালদহ-লালগোলা রুটে অতিরিক্ত মেমু ট্রেন চালানোর অনুরোধও করেছেন তিনি।
অধীর চৌধুরীর মতে, উৎসবের সময় ট্রেনের টিকিটের ব্যাপক চাহিদা থাকে, যার ফলে সাধারণ মানুষকে চরম দুর্ভোগ পোহাতে হয়। পর্যাপ্ত রেল পরিষেবা ও বিশেষ ট্রেন চালু করলে উত্তর ও দক্ষিণবঙ্গের মধ্যে যোগাযোগ সহজতর হবে। এই উদ্যোগ কার্যকর হলে বিশেষত পরিযায়ী শ্রমিক ও সাধারণ যাত্রীরা স্বস্তিতে বাড়ি ফিরতে পারবেন এবং স্টেশনের অতিরিক্ত ভিড় নিয়ন্ত্রণ করা সম্ভব হবে।