ইদ উপলক্ষ্যে স্বস্তি: পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে ৫ দিনের যুদ্ধবিরতি ঘোষণা

ইদ উপলক্ষ্যে স্বস্তি: পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে ৫ দিনের যুদ্ধবিরতি ঘোষণা

আসন্ন ইদ-উল ফিতর উপলক্ষ্যে পারস্পরিক সংঘাত থামিয়ে ৫ দিনের সাময়িক যুদ্ধবিরতি ঘোষণা করেছে পাকিস্তান ও আফগানিস্তান। বুধবার পাকিস্তানের তথ্যমন্ত্রী আত্তাউল্লা তারার জানান, সৌদি আরব, কাতার ও তুরস্কের অনুরোধে বৃহস্পতিবার মধ্যরাত থেকে সোমবার পর্যন্ত এই সিদ্ধান্ত কার্যকর থাকবে। অন্যদিকে, তালিবান সরকারের মুখপাত্র জাবিউল্লা মুজাহিদও ইদের আবহে পাকিস্তানের সাথে সংঘর্ষে না জড়ানোর বিষয়টি নিশ্চিত করেছেন।

সম্প্রতি কাবুলে পাকিস্তানের বিমান হামলায় ৪০৮ জনের মৃত্যু এবং কয়েকশ মানুষের আহত হওয়ার ঘটনায় দুই দেশের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছিল। আফগান সরকারের দাবি, পাকিস্তান একটি হাসপাতালে হামলা চালিয়ে আন্তর্জাতিক আইন লঙ্ঘন করেছে। এই রক্তক্ষয়ী পরিস্থিতির মাঝে ইদ উপলক্ষ্যে যুদ্ধবিরতির সিদ্ধান্তকে ইসলামি ভ্রাতৃত্বের নিদর্শন হিসেবে দেখছে দুই দেশই। তবে পাকিস্তান সতর্ক করেছে যে, এই সময়ে কোনো ড্রোন হামলা বা উস্কানি চললে তারা কড়া জবাব দেবে।

আন্তর্জাতিক মহল ও রাষ্ট্রপুঞ্জ এই মানবিক পদক্ষেপকে স্বাগত জানিয়েছে। রাষ্ট্রপুঞ্জের মুখপাত্র ফারহান হক আশাপ্রকাশ করেছেন যে, এই যুদ্ধবিরতির মেয়াদ ভবিষ্যতে আরও বাড়তে পারে। তবে কাবুলের হাসপাতালে হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন রাষ্ট্রপুঞ্জের মহাসচিব আন্তনিও গুয়েতেরেস। তিনি এই ঘটনার নিরপেক্ষ তদন্তের ওপর জোর দিয়ে জানান, যুদ্ধে চিকিৎসাকেন্দ্র বা সাধারণ মানুষের ওপর হামলা আন্তর্জাতিক মানবতা আইনের পরিপন্থী।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *